বাংলাদেশে সোনার দামে রেকর্ড

বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। 

দেশের বাজারে সোনার দাম এত উচ্চতায় আগে আর কখনো ওঠেনি, যা রেকর্ড। নতুন দাম কার্যকর হয়েছে সোমবার থেকে।

এবার প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। এর আগে রবিবার পর্যন্ত ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। যা ছিল তখনকার রেকর্ড দাম। 

এ নিয়ে চলতি বছর মোট ৯১ বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৬৪ বার, আর কমেছে ২৭ বার।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রবিবার রাতে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে দাম বাড়ার কারণ হিসাবে স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধিকে তুলে ধরা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। 

২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। 

১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

অন্যদিকে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। 

দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা। 

১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা।