আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সাথে নির্বাচনি জোটের ঘোষণা দিয়েছেন জামায়াতের আমীর শফিকুর রহমান। জাতীয় প্রেসক্লাবে রবিবার আটদলীয় জোটের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, তাদের আটদলীয় জোটে সাথে যুক্ত হয়েছে অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও এনসিপি।
এই দুই দল যুক্ত হওয়ায় এখন এই জোটের সদস্য দশটি। সংবাদ সম্মেলনে নয়টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে নতুন এ জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানান জামায়াতের আমীর।
শফিকুর রহমান বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতের নেতাদের সাথে সরাসরি কথা বলে তাদের এ সিদ্ধান্ত জানিয়েছেন।
জামায়াতে ইসলামী ও এনসিপির এই জোট ‘একটি মজবুত নির্বাচনি সমঝোতা’ বলে দাবি করছেন শফিকুর রহমান।
তারা আলোচনার মাধ্যমে আসন নির্ধারণ করছেন বলে জানান তিনি। বলেন, “আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট।”
নমিনেশন ফাইল করার পরপরই আলোচনা সাপেক্ষে আসন নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবেন বলেও জানান তিনি।
শফিকুর রহমান বলেন, “এই আসন সমঝোতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং এ ব্যাপারে আমরা খুবই আস্থাশীল।”
একদম শেষ পর্যায়ে এই জোট হওয়ার এটি জামায়াতে ইসলামীর জন্য ‘দুরুহ’ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর সাথে জোটে আগে থেকে যুক্ত থাকা দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।