এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা 

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শনিবার ফেইসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

তাসনিম জারা লিখেছেন, “এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো।”

“প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা।

“তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি,” লিখেছেন জারা। 

কেন তিনি নতুন রাজনৈতিক দল এনসিপি ছেড়ে দিচ্ছেন, সেই কারণ উল্লেখ করেননি।

লিখেছেন, “একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে।

“তবে আমি যেহেতু কোন দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না।”

এনসিপির নেতা থাকার সময় ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছিলেন তাসনিম যারা। দাতারা অর্থ ফেরত চাইলে, এখন তিনি তা ফিরিয়ে দেবেন বলেও জানিয়েছেন।