কক্সবাজার থেকে সেন্টমার্টিন পর্যটক পরিবহন করা ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন

কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী পর্যটক জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটি যাত্রী তুলতে নুনিয়ারছড়া জেটি ঘাটে যাচ্ছিল।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর আলাপকে জানিয়েছেন, শনিবার সকাল ৬টার কিছু পর জাহাজটি ঘাটে ভেরার আগ মুহূর্তে তাতে ধোঁয়া নজরে আসে। পরে আগুন জ্বলতে দেখা যায়।

প্রথমে ছোট ট্রলারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

জাহাজের উদ্ধার হওয়া কর্মীদের বরাত দিয়ে তিনি জানান, একজন কর্মী এখনও নিখোঁজ আছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম জানান, যাত্রী নেয়ার জন্য ঘাটে আসার সময় জাহাজে আগুন দেখতে পান ঘাটে থাকা প্রশাসনের দায়িত্বরতরা। তিনি বলেন, সিলিন্ডার বিস্ফোরণ বা জাহাজ কর্তৃপক্ষের গাফিলতির জন্য আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সেন্টমার্টিনের উদ্দেশ্যে অন্যান্য জাহাজ চলাচল স্বাভাবিক আছে বলে স্কোয়াবের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছে, আগুন ধরে যাওয়া জাহাজের ১৯৪ জন যাত্রীর মধ্যে একশ জনের মতো অন্য জাহাজে করে সেন্টমার্টিন পাঠানো হয়েছে। বাকিদের রবিবার জাহাজের ধারণক্ষমতা অনুযায়ী পাঠানো হবে।