ফরিদপুরে জেমসের কনসার্টে কী হয়েছিল?

ফরিদপুর জিলা স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানে বহিরাগতদের হামলায় পণ্ড হয়েছে জেমসের কনসার্ট। ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরে আহতে হয়েছেন অন্তত ২০ জন।

পুলিশ জানিয়েছে, জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে কনসার্টে গান গাওয়ার কথা ছিল ব্যান্ড তারকা জেমসের।

আয়োজকরা জানিয়েছে, জেমসের কথা শুনে ভেন্যুর বাইরে এসে জড়ো হয় অসংখ্য মানুষ। কিন্তু ভেতরে ঢুকতে না পেরে তারা উত্তেজিত হয়ে ওঠে।

পুলিশ বলছে, জেমস এসেছে জানতে পেরে স্কুল গেইটের বাইরে ভিড় করে একদল মানুষ। যেহেতু অনুষ্ঠানটি নির্ধারিত অতিথিদের জন্য তাই বাইরের মানুষকে ঢুকতে দেওয়া হয়নি।

অনেকেই দেওয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরে বিক্ষুব্ধ হয়ে তারা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। জোর করে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে তারা।

কারা হামলা করেছিল জানতে চাইলে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন বলেন, “এটা যারা আশেপাশের লোকজন বা দূর থেকে এসেছে, এমন জেমসের ভক্ত অনুরাগী আছে, এটা এমন কিছু না, গান শুনতে আসছিলো, শুনতে পারেনাই, সেই কষ্ট থেকেই এটা হয়েছে।”

হট্টগোলের এক পর্যায়ে স্কুলের আয়োজকরাও প্রতিরোধ করার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, আয়োজকরা কনসার্ট বাতিল করে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় গাড়িতে উঠে চলে যাচ্ছেন জেমস। তবে সেটি কনসার্টের ভেন্যুতে নয়।

পুলিশ জানিয়েছে, জেমস ভেন্যু থেকে দূরে একটি রেস্ট হাউজে অপেক্ষায় ছিলেন। হামলা-ভাঙচুরের খবর পেলে সেখান থেকেই চলে যান তিনি।

জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, হামলার খবর পেয়ে রেস্ট হাউস থেকে নিরাপদে ফরিদপুর ছাড়েন জেমস।