সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল ফেইসবুক পেইজ নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে মেটা।
ওই পেইজটিতে ৩০ লাখের বেশি ফলোয়ার ছিল বলে শুক্রবার জানিয়েছেন আসিফ মাহমুদ- যিনি গত ১০ই ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন।
ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া তার পোস্ট ও ভিডিওগুলোতে স্ট্রাইক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।
নিজের ফেইসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেয়া হয়েছে।
“বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে,” লিখেছেন আসিফ।
জুলাই আন্দোলনে সামনের কাতারে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে, মন্ত্রিপরিষদে জায়গা পান তিনি।
তবে নানা কর্মকাণ্ডের জন্য কিছুদিনের মধ্যেই আলোচনা-সমালোচনায় আসেন আসিফ মাহমুদ।