আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি’র সাথে জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাচনি সমঝোতা হয়েছে। দলটিকে চারটি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
মঙ্গলবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই দলের মধ্যে বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে সমঝোতার খবর জানানো হয়।
সমঝোতা হওয়া আসনগুলো হলো নীলফামারি-১ (ডোমার-ডিমলা), নারায়ণগঞ্জ -৪ (ফতুল্লা), সিলেট-৫ (জকিগঞ্জ- কানাইঘাট) ও ব্রাক্ষ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ)। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান এই আসগুলোতে কোনও প্রার্থী দেবে না তারা।
সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দলের নীতি হিসেবে সংবিধানের প্রস্তাবনায় ‘মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস’ পুনস্থাপন করবে।
সংস্কার কমিশনের সাথে আলোচনায় বিএনপি তাদের এই নীতির কথা জানিয়েছে। একইসাথে দলটি কোরআন ও সুন্নাহবিরোধী কোন আইন না করার কথাও পুর্নব্যক্ত করেছে।
এছাড়া ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য রাষ্টীয় ভাতা ও উৎসব ভাতা চালুর বিষয়টি বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসায় ধর্মীয় শিক্ষক হিসেবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে কওমি মাধ্যম থেকে পাস করা প্রার্থীদের অগ্রাধিকার থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জমিয়তে উলামায়ে ইসলামের আমির মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক বলেন, “আমরা এই দেশের পরিচালনার ব্যাপারে দেশ ও জাতির কল্যানে আমাদের কাছে জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাভাজন।”
বিএনপি’র সাথে নির্বাচনি জোট হলেও, এবারের নির্বাচনিবিধি অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলামকে তাদের নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে। দলটির প্রতীক খেজুর গাছ।