নির্বাচন কমিশনের ঘোষিত সময়ে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে বলে মার্কিন বিশেষ দূতকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেছেন, “দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচার শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল।”
ফোনালাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও আলোচনা করা হয়।
সার্জিও গোর একই সাথে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান তিনি। বলেন ওই আলোচনার ফলেই বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
প্রধান উপদেষ্টা তাকে বলেছেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছেন। তিনি অভিযোগ করেন দলটির পলাতক নেতারা সহিংসতা উসকে দিচ্ছেন। তবে অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে বলেছেন, “এই নির্বাচন যেন স্মরণীয় হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”