চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এর ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২১এ ডিসেম্বর রোববার থেকে ভিসা আবেদন কেন্দ্রের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রামে ভারতীয় সহকারি হাই কমিশনের কার্যালয়ে “সাম্প্রতিক নিরাপত্তাজনিত একটি ঘটনার” কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার পর বৃহস্পতিবার রাতে সারাদেশের মতো চট্টগ্রামেও বিক্ষোভ হয়।

নগরীর খুলশী এলাকায় অবস্থান কর্মসূচির পর এক পর্যায়ে ভারতীয় সহকারি হাই কমিশনের কার্যালয়ের লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে। পরে পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তারা আশপাশের গলিতে ঢুকে পড়ে।

এর আগে ১৭ই ডিসেম্বর নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত  ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। তবে একদিন বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু করে ভিসা সেন্টারটি।

সেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকায় ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির ডাক দিয়েছিল ‘জুলাই ঐক্য’ নামে একটি সংগঠন।