যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি স্কাইডাইভিং বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন।
রবিবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে স্কাইডাইভিং পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের ইজারা নেওয়া বিমানটি বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
তবে আকাশে ওঠার পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতা অর্জনে ব্যর্থ হয় এবং হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে আছড়ে পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার পর বিমানে থাকা ১২ জনের সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা এটিকে গণহতাহতের ঘটনা হিসেবে বিবেচনা করছি।” তিনি জানান, দুর্ঘটনাকবলিত বিমানটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ ছিল না; এটি স্থানীয়ভাবে পরিচালিত একটি ছোট বিমান।
এদিকে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের। উড্ডয়নের সময়ই এটি দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা আশপাশের এলাকা তল্লাশি করে দেখেন, বিমানে থাকা কোনো স্কাইডাইভার দুর্ঘটনার আগে বের হতে পেরেছিলেন কি না। তবে এ বিষয়ে কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি।
শেরিফ অ্যান্ডারসন জানান, নিহতদের কয়েকজনের পরিবারের সদস্য ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করেছেন। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এফএএ জানিয়েছে, সংস্থাটি দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখছে।
মিসৌরির বাটলার শহরটি কানসাস সিটি মহানগর এলাকার প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত।