দেশের শীর্ষ দুই সংবাদ মাধ্যমের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সমবেদনা জানাতে এর সম্পাদকদের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা তাদের বলেন, “এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।”
১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ শুরু হয় ঢাকার বিভিন্ন স্থানে। রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষোভকারীরা।
এই হামলাকে স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল মন্তব্য করে সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামকে প্রধান উপদেষ্টা বলেছেন, “এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে।”
একইসাথে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।