ঢাকার মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার রায় ঘোষণা হবে আজ। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় এ মামলার রায় হতে যাচ্ছে, যা সাম্প্রতিক সময়ে দ্রুত নিষ্পত্তি হওয়া আলোচিত মামলাগুলোর একটি।
রবিবার সকাল ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রায় ঘোষণার কথা রয়েছে।
রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত ১৯এ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।
মামলার দুই আসামি রামিসার প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার।
মাত্র চার কার্যদিবসে মামলার বিচারকাজ সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৪ঠা জুন আদালত রায়ের জন্য ৭ই জুন দিন নির্ধারণ করেন।
ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণার মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে।