জনকন্ঠের গণছাটাইকৃত ১৩০ সাংবাদিকদের চাকরিতে পুর্নবহাল ও ঈদের আগে বকেয়া বেতন-ভাতা ও বোনাস পরিশোধ দেয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সোমবার ডিআরইউ'র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
নেতারা বলেন, ঈদের আগমুহূর্তে সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ না করা অত্যন্ত দুঃখজনক, অমানবিক এবং শ্রম আইন ও পেশাগত নীতিমালার পরিপন্থি। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বকেয়া থাকায় সংশ্লিষ্ট সাংবাদিক-কর্মচারীরা চরম আর্থিক ও মানবিক সংকটের মধ্যে দিন অতিবাহিত করছেন।
ডিআরইউ নেতারা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নৈতিক ও আইনগত দায়িত্ব। তবে জনকণ্ঠ কর্তৃপক্ষ বকেয়া বেতন-ভাতা পরিশোধে কার্যকর উদ্যোগ গ্রহণ না করে উল্টো গণছাঁটাইয়ের পথ বেছে নেওয়ায় সাংবাদিক সমাজের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অবিলম্বে সকল সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস পরিশোধের পাশাপাশি ১৩০ সাংবাদিকের গণছাঁটাই বন্ধ করে কর্মপরিবেশ স্বাভাবিক করার জোর দাবি জানান ডিআরইউ নেতারা।
অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।