ইউরোভিশন ২০২৬ জিতলো বুলগেরিয়া, তলানিতে যুক্তরাজ্য

বিশ্বের সবচেয়ে বড় মিউজিক কম্পিটিশন ‘ইউরোভিশন সং কনটেস্টে’ জয় পেয়েছে বুলগেরিয়া। ২০২৬ সালের আসরে বুলগেরিয়ান গায়িকা দারা ৫১৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। তার গানের নাম ছিল ব্যাঙ্গারাঙ্গা'।  এই প্রথম যুক্তরাজ্য প্রতিযোগিতায় সবার শেষ স্থানে ছিল।

দারা এর আগে ২০১৫ সালে দ্য এক্স ফ্যাক্টর-এর বুলগেরিয়ান সংস্করণে অংশ নিয়ে ফাইনালে উঠেছিলেন। এবার তিনি বিচারক ও দর্শক, দুই পক্ষের ভোটেই সেরা হন। তার জয়ে আগামী বছরের ইউরোভিশন আয়োজন হবে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায়।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ইসরায়েল। দেশটির শিল্পী নোয়াম বেত্তান তার গান মিশেল গেয়ে ৩৪৩ পয়েন্ট পান।

তবে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে প্রতিযোগিতার বাইরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন ও স্লোভেনিয়া এ বছর প্রতিযোগিতা বর্জন করে।

অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা “নো স্টেজ ফর জেনোসাইড” নামে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। শো চলাকালে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান ও দুয়োধ্বনি শোনা গেলেও তাদের সমর্থকদের উপস্থিতিও দেখা গেছে।

যুক্তরাজ্যের হয়ে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন স্যাম ব্যাটল। তিনি ইউটিউবে লুক মাম নো কম্পিউটার নামে পরিচিত। ইউরোভিশনের মঞ্চে দুর্দান্ত ও মজার পারফর্ম করলেও শেষ পর্যন্ত তালিকার সবার নিচে ছিলেন তিনি।  

এ ছাড়া অস্ট্রেলিয়ার গায়িকা ডেল্টা গুডরেম, সাইপ্রাসের অ্যান্টিগনি বাক্সটন এবং চেক প্রজাতন্ত্রের ড্যানিয়েল জিজকার পারফরম্যান্সও দর্শকদের নজর কাড়ে।