৩২৬ দিন পর যুক্তরাষ্ট্রে ফিরলো বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে মধ্যপ্রাচ্যে পাঠানো বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড যুক্তরাষ্ট্রে ফিরে গেছে।  পেন্টাগন নিশ্চিত করেছে, শনিবার ৩২৬ দিন পর রণতরীটি যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভার্জিনিয়ার নরফোক শহরে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই যুদ্ধজাহাজকে স্বাগত জানিয়েছেন।

ভিয়েতনাম যুদ্ধের পর এটি ছিল কোনো মার্কিন বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘ সময়ের মোতায়েন।

এই সময় জাহাজটি ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন অভিযানে অংশ নেয়। সেখানে মাদক পাচারের সন্দেহে কিছু নৌযানে অভিযান চালানো হয় এবং নিষেধাজ্ঞাভুক্ত কিছু ট্যাংকার আটক করা হয়। পরে জাহাজটিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।

মোতায়েনের সময় ১২ই মার্চ জাহাজটির লন্ড্রি কক্ষে আগুন লাগে। এতে দুই নাবিক আহত হন এবং প্রায় ১০০টি বেড ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া, সমুদ্রে থাকার সময় জাহাজটির টয়লেট ব্যবস্থাতেও বড় ধরনের সমস্যা হয়েছিল বলে জানা গেছে।