মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৩১ বছর।

কারিনা কায়সারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। চেন্নাই থেকে গণমাধ্যমকে তিনি জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ কারিনার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। পরে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ফেইসবুকে দেওয়া এক পোস্টে মেয়ের মৃত্যুর খবর জানান কায়সার হামিদ। পোস্টে তিনি কারিনার জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে এই দুঃসময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

গত ১০ই মে ফেইসবুকে দেওয়া এক পোস্টে কায়সার হামিদ জানিয়েছিলেন, তার মেয়ে লিভার ইনফেকশন ও হেপাটাইটিসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।

এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনা কায়সারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফেইসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত ফটোকার্ড ভাইরাল হলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তার পরিবার। সে সময় কায়সার হামিদ বলেন, মৃত্যুর মতো সংবেদনশীল বিষয় নিয়ে গুজব ছড়ানো অনুচিত।

হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান কারিনা কায়সার। পরে অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও যুক্ত হন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।