ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর দাম নির্ধারণ করেছে সরকার। গত ঈদের তুলনায় বাড়ানো হয়েছে চামড়ার দাম।
বুধবার সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে এই তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর গরুর চামড়ার দাম ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা। গত বছর যা ছিলো ৫৫ থেকে ৬০ টাকা।
এ ছাড়া সারাদেশে খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২২ থেকে ২৫ টাকা।
ব্রিফ্রিংয়ে মন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য সারাদেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছানো হবে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, কোরবানির পর কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যেও সরকার কাজ করছে।