প্রতিদিন সারা দেশে ৭২০ ট্রাকে মিলবে টিসিবির তেল, চিনি ও ডাল

ঈদুল আজহা সামনে রেখে স্বস্তির খবর দিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার থেকে সারা দেশে প্রতিদিন ৭২০টি ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রি হবে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। শুক্রবার বাদে এই কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত।

ভোক্তারা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হয়েছে ১৩০ টাকা, চিনি ৮০ টাকা কেজি এবং মসুর ডাল ৭০ টাকা কেজি।

রাজধানীর আগারগাঁও এলাকায় রবিবার টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

টিসিবি জানিয়েছে, টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম আগের মতো চলবে। এর পাশাপাশি ঈদ উপলক্ষ্যে সাধারণ মানুষের জন্য বাড়তি ট্রাকসেল চালু করা হচ্ছে।

প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৪০০ জন সাধারণ ভোক্তা পণ্য কিনতে পারবেন। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে।

ঢাকা মহানগরী ও জেলায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে।

টিসিবি আরও জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষ্যে মে মাসে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য ভর্তুকিমূল্যে বিক্রি করা হবে। কার্ডধারীদের জন্য ভোজ্যতেল, চিনি ও ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।