হামে মৃত ৩৫২ শিশুর পরিবারপ্রতি ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবীর পল্লব এ রিট দায়ের করেন।

তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলেও জানান তিনি।

রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে হাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে রিট নিষ্পত্তির আগেই নিহত প্রত্যেক শিশুর

পরিবারকে অন্তর্বর্তীকালীন হিসেবে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া রিটের চূড়ান্ত নিষ্পত্তির পর প্রত্যেক পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫৫ দিনে হাম ও হামের উপসর্গে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবেই প্রতিদিন গড়ে ছয়জন শিশুর মৃত্যু হলেও গত এক সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে দৈনিক প্রায় ১০ জনে।