এক মাস পর তেল শোধন শুরু হচ্ছে ইস্টার্ন রিফাইনারিতে

প্রায় এক মাস বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে তেল শোধনের কাজ শুরু হবে।

ইস্টার্ন রিফাইনারির উপমহাব্যবস্থাপক মো. মোস্তাফিজার রহমান আলাপ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার সকাল ৮টা থেকে ডিজেল উৎপাদনের প্রধান ইউনিট ‘ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট’ চালু হয়েছে। এই ইউনিট থেকে উৎপাদিত উপাদান দিয়ে পরে ফার্নেস অয়েল ইউনিট চালু করা হবে। এটি শনিবার অথবা রবিবারের মধ্যে চালু হতে পারে। আর বিটুমিন উৎপাদন আগ থেকেই চালু ছিল।

রিফাইনারি কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তার কারণে নির্ধারিত সময়ে অপরিশোধিত তেলের চালান দেশে পৌঁছায়নি। এতে মজুত কমতে কমে যাওয়ায় ১২ই এপ্রিল থেকে শোধন কার্যক্রম বন্ধ ছিলো।

এই সময়ে সীমিতভাবে কিছু পেট্রল ও বিটুমিন উৎপাদন হলেও তা চাহিদার তুলনায় কম ছিলো। তাই জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়।

ইস্টার্ন রিফাইনারিতে প্রতিদিন সর্বোচ্চ প্রায় ৪ হাজার ৫০০ টন অপরিশোধিত তেল শোধন করা যায়। এতে দৈনিক প্রায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টন ডিজেল উৎপাদন সম্ভব। এছাড়া পেট্রল, ফার্নেস অয়েল, বিটুমিন ও ন্যাফথাসহ বিভিন্ন ধরনের জ্বালানিও উৎপাদন হয়।