বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

“অনুসন্ধানী রিপোর্টের ক্ষেত্রে সাহস দেখাতে হবে”

অনুসন্ধানী প্রতিবেদন করার ক্ষেত্রে প্রতিবেদককে সাহস দেখাতে হবে বলে মন্তব্য করেছেন টিআইবির আউটরিচ এন্ড কমিউনিকেশন ডিরেক্টর তৌহিদুল ইসলাম। 

শুক্রবার মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিটিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত জার্নালিজম কনফারেন্সের প্রথম সেশনে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেছেন, “ইনভেস্টিগেটিভ স্টোরি করার ক্ষেত্রে সাহস দেখাতে হবে। সেই সাহস প্রতিষ্ঠানকে ঝুঁকিতে ফেলার যে শংকা সেটিকে মাথায় রেখেই দেখাতে হবে।”

শুক্রবার সকাল ৯টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’।  

এ সম্মেলনে সাংবাদিক, সম্পাদক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিসহ মোট ৪০০ জন অংশ নিচ্ছেন।

নিজেদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করেছে এমআরডিআই।

প্রথম সেশনে আরও বক্তব্য রাখেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, “অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সম্পাদকের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ একটি রিপোর্ট পাবলিশ করতে গেলে প্রেসার আসবে, সেটা মোকাবিলা করতে হবে।”

সম্মেলনে ১০টি দেশের সাংবাদিকতা বিশেষজ্ঞ ও গণমাধ্যমব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক অতিথিদের মধ্যে রয়েছেন কানাডার টরন্টো স্টারের সাবেক সম্পাদক মাইকেল কুক, অনুসন্ধানী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা জুলিয়ান শের, পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস এবং নেপালি টাইমসের কুন্দা দীক্ষিত, আনন্দবাজারের সিনিয়র অ্যাসিসটেন্ট এডিটর  স্বাতী ভট্টাচার্য। 

দুই দিনের এই সম্মেলনে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক ও মাস্টারক্লাস।