তামিলনাড়ুর বিজয় থালাপাতিকে সমর্থন দিলো কংগ্রেস

ভারতের তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য বিজয় থালাপাতির নেতৃত্বে তামিলাগা ভেটরি কাজাগাম বা টিভিকে’কে সমর্থন জানিয়েছে সর্বভারতীয় কংগ্রেস।

বুধবার তামিলনাড়ু কংগ্রেসের প্রধান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তামিলনাড়ুর ভোটার একটি প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষে রায় দিয়েছেন। জনগণের এই রায়কে সম্মান করা, রক্ষা করা এবং বাস্তবায়নে সহায়তা করা তাদের সাংবিধানিক দায়িত্ব। জনগনের সেই রায় বজায় রাখতে তামিলনাড়ু কংগ্রেস কমিটি এবং কংগ্রেস লেজিসলেটিভ পার্টি বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  এই জোটের লক্ষ্য হলো তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কামরাজের মতো শাসনব্যবস্থাকে ফিরিয়ে আনা। 

এই জোট শুধু বর্তমান সরকার গঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচন, লোকসভা এবং রাজ্যসভা নির্বাচনেও টিভিকে এবং কংগ্রেস একসাথে কাজ করবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

তামিলনাড়ুর জনগণের, বিশেষ করে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ দায়িত্বের ভিত্তিতে একটি শক্তিশালী জনকল্যাণমূলক প্রশাসন উপহার দেওয়াই এই জোটের মূল লক্ষ্য।