আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া একটি ক্রুজ জাহাজে তিন যাত্রীর মৃত্যুর ঘটনার পর আরও দুইজনের শরীরে হান্টাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ার সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
বর্তমানে জাহাজটিতে থাকা ২৩টি দেশের ১৪৯ জন যাত্রী ও ক্রু কঠোর স্বাস্থ্য নজরদারির মধ্যে রয়েছেন। এ নিয়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
বিবিসির বরাতে জাহাজটির অপারেটর ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, এমভি হন্ডিয়াস নামের জাহাজটিতে এক ডাচ দম্পতি এবং এক জার্মান নাগরিক মারা গেছেন। মৃত ডাচ নারীর শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া ৬৯ বছর বয়সী এক ব্রিটিশ যাত্রীর শরীরেও ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নিবিড় পরিচর্যার জন্য দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে জাহাজটির আরও দুই ক্রু সদস্য একজন ব্রিটিশ ও একজন ডাচ নাগরিক সংক্রমণের উপসর্গ নিয়ে পর্যবেক্ষণে রয়েছেন। যদিও তারা আক্রান্ত কী না তা এখনো নিশ্চিত নয়।
একই সঙ্গে মৃত জার্মান যাত্রীর সংস্পর্শে আসা আরেকজনকে সতর্কতা হিসাবে জাহাজ থেকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
বর্তমানে এমভি হন্ডিয়াস আফ্রিকার পশ্চিম উপকূলের কেপ ভার্দের কাছে নোঙর করে আছে।
মঙ্গলবার জাহাজটির সেখানে ভেড়ার কথা থাকলেও স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে কোনো যাত্রীকে নামার অনুমতি দেয়নি।
প্রায় এক মাস আগে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা জাহাজটি ইতোমধ্যে সমুদ্রপথে ছয় হাজার মাইলের বেশি পথ অতিক্রম করেছে।