চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২৬, আহত ৬১ 

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৬ জন,  আহত হয়েছেন আরও ৬১ জন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে মঙ্গলবার এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর লিউয়াং এর হুয়াশেং আতশবাজী কারখানায় সোমবার বিকেলে এই বিস্ফোরণের হয়। ইতোমধ্যে উদ্ধার অভিযান শেষ হয়েছে। 

উদ্ধার অভিযানে অংশ নেয় দেড় হাজারেরও বেশি সদস্য। ছিল জরুরি সেবাকর্মী, কুকুর, ড্রোন ও রোবট। 

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছেন তারা। আহতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।  

এ ছাড়া বিস্ফোরণের কারণে কর্তৃপক্ষ কারখানার ৩ কিলোমিটার (১.৯ মাইল) এলাকার মধ্যে থাকা সবাইকে সরিয়ে নিয়েছে। এ ছাড়া  এলাকা আর্দ্র রাখার মতো পদক্ষেপও নিয়েছেন, যাতে উদ্ধার কাজের সময় ‘দ্বিতীয় কোনো দুর্ঘটনা’ না ঘটে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে আতশবাজি কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা এক সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় বিস্ফোরণের প্রভাব এতটাই ধ্বংসাত্মক ছিল যে কাছাকাছি একটি আবাসিক ভবনের জানালাগুলো ভেঙে যায়।

চীনে আতশবাজী কারখানা ও দোকানে বিস্ফোরণ অস্বাভাবিক নয়, এগুলো প্রায়ই প্রাণঘাতী হয়। 

এর আগে ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছিলেন।