সুপ্রিম কোর্টের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে।  বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে সুপ্রিম কোর্ট প্রশাসনের সিদ্ধান্তে গত দুই সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রবিবার প্রকাশিত হওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।