সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশি ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে’ অংশ নিচ্ছে ২৫ সদস্যের একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল। আর এই দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ৩রা মে থেকে ৬ই মে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের জ্বালানি, প্রযুক্তি, কৃষিব্যবসা, প্রকৌশল ও ব্যবসা সেবা খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

মার্কিন বাণিজ্য বিভাগ আয়োজিত এই সামিটে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন সংস্থার সংযোগ স্থাপন, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তুলে ধরা হয়।

এ বছরের সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র তার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপন করছে। এতে তুলে ধরা হবে, বৈদেশিক বিনিয়োগ কীভাবে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও প্রবৃদ্ধির পরবর্তী অধ্যায় গঠনে নিরবচ্ছিন্নভাবে ভূমিকা রেখে চলেছে।