মোটরসাইকেলের আর্টিফিশিয়াল লাইনের পেছনে পলিটিকাল মোটিভেশন: জ্বালানিমন্ত্রী

দেশে যানবাহনের দীর্ঘ লাইন এবং জ্বালানি সংকট ছিল মূলত  ‘আর্টিফিশিয়াল’ এবং এর পেছনে 'পলিটিকাল মোটিভেশনও' কাজ করেছে বলে দাবি করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার ঢাকার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রশাসনের গাফিলতি এবং কর্মকর্তাদের মধ্যে কাজের প্রতি একাগ্রতার অভাব এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ।

দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সময়ের বেশিরভাগই তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যাগুলো সমাধানে ব্যয় করেছেন। তবে খনিজ সম্পদ বিভাগে এবারই প্রথম কাজ করার সুযোগ পেয়েছেন।

গবেষণায় বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, গত ২০ বছর ধরেই মেগা বাজেট হচ্ছে। কিন্তু দেশে বড় বাজেট হলেও গবেষণায় বরাদ্দ তুলনামূলক কম। এর ফলে দীর্ঘমেয়াদে দেশকে অন্যের ওপর নির্ভরশীল থাকতে হয়।

গবেষণায় জোর না দিলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।