মাদুরোর আটকের আগাম তথ্য নিয়ে বাজি ধরে গ্রেপ্তার মার্কিন সেনা

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার খবর আগে জেনে বাজি ধরার অভিযোগ আনা হয়েছে মার্কিন স্পেশাল ফোর্সের এক সদস্যের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওই সদস্য মাদুরোকে আটক অভিযানের সাথেও সম্পৃক্ত ছিলেন।

অভিযুক্ত গ্যানন কেন ভ্যান ডাইক ইউএস স্পেশাল ফোর্সের মাস্টার সার্জেন্ট। গ্রেপ্তারের খবর আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই তিনি তা নিয়ে অনলাইন জুয়া প্ল্যাটফর্মে চার লাখ ডলারের বাজি জেতেন।

বিচার বিভাগের তথ্য বলছে, ২০২৫ সালের ২৬ ডিসেম্বরে তিনি পলিমার্কেটে একটি অ্যাকাউন্ট খুলে মাদুরো ও ভেনেজুয়েলাসংক্রান্ত তথ্য দিয়ে লেনদেন শুরু করেন। এই অপারেশন সম্পর্কিত গোপন তথ্য হাতে থাকা অবস্থায় তিনি ৩৩ হাজার ডলারের বেশি বাজি ধরেন।

ডাইক গোপন সামরিক তথ্য ব্যবহার করে আগেই অনুমান করেছিলেন যে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালাবে এবং মাদুরো ক্ষমতাচ্যুত হবেন। এরপর তিনি প্রেডিকশন পলিমার্কেটে বাজি ধরেন।

সরকারি গোপন তথ্য ব্যবহার করে লেনদেন করতে দেখে পলিমার্কেট কর্তৃপক্ষ বিচার বিভাগকে জানালে তাকে আইনের আওতায় আনা হয়।

ব্যক্তিগত লাভের জন্য গোপন সরকারি তথ্য ব্যবহার, অপ্রকাশিত সরকারি তথ্য চুরি, অবৈধ অর্থ লেনদেনসহ বেশ কিছু অভিযোগ হয়েছে ভ্যান ডাইকের বিরুদ্ধে।

ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৫ সালের ৮ই ডিসেম্বর থেকে অন্তত ২০২৬ সালের ৬ই জানুয়ারি পর্যন্ত তিনি অপারেশন অ্যাবসোলিউট রিজলভের পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত ছিলেন। এতে সংবেদনশীল ও অপ্রকাশিত গোপন তথ্যে তার প্রবেশাধিকার ছিলো।