জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে জ্বালানি বিষয়ক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এই প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাতে সমর্থন জানান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সভাপতি করে প্রস্তাবিত এ কমিটিতে সরকারি দলের পাঁচজন ও বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্য থাকবেন।
বিরোধী দল দ্রুত নাম জমা দেবে বলে সংসদে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
সরকারি দলের পক্ষ থেকে ঘোষিত পাঁচ সদস্য হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
তারেক রহমানের এই ঘোষণার পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাল্লাহ।
বিরোধী দলের সদস্যর ব্যাপারে তিনি বলেন, আমরা শীঘ্রই নামগুলা পেশ করব।
সরকার ও বিরোধী দলের এই সমঝোতাকে সাধুবাদ জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এই মাসের শেষেই সংসদ বিরতিতে যাবে, তাই আশা করি অতি অল্প সময়ের মধ্যে বিরোধীদলীয় নেতা তাদের পাঁচ জন সদস্যের নাম দেবেন। সরকার এবং বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে।”