কেউ হয়তো ব্যাংকে বছরের পর বছর ধরে টাকা জমিয়েছেন। কারও সঞ্চয়ী হিসাবে টাকা আছে, কারও আছে এফডিআর বা ডিপিএস। কিন্তু কোনো কারণে সেই ব্যাংক বন্ধ হয়ে গেলে আমানতকারীদের জমানো টাকার কী হবে? সব টাকা কি হারিয়ে যাবে, নাকি ফেরত পাওয়ার কোনো সুযোগ আছে?
বাংলাদেশে আমানতকারীদের সুরক্ষায় একটি আইন রয়েছে। ২০২৬ সালের ১০ই এপ্রিল কার্যকর হয় আমানত সুরক্ষা আইন। এ আইনে বলা আছে, কোনো সদস্য ব্যাংক বন্ধ হয়ে গেলে একজন আমানতকারী সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ হিসাবে পাবেন। অর্থাৎ, সেই ব্যাংকে আমানতকারীর যত টাকাই জমা থাকুক না কেন, আমানত সুরক্ষা তহবিল থেকে সর্বোচ্চ ২ লাখ টাকাই দেওয়া হবে।
এখানে আরেকটা বিষয় আছে। এই ২ লাখ টাকার হিসাব প্রতি অ্যাকাউন্টের ভিত্তিতে করা হয় না। দেউলিয়া বা বন্ধ হয়ে যাওয়া ব্যাংকে কারো যদি একটার বেশি অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই আমানতকারী প্রত্যেক অ্যাকাউন্টের জন্য ২ লাখ করে পাবেন না। বরং সব অ্যাকাউন্ট, ডিপিএস, এফডিআর বা অন্যান্য বিনিয়োগ মিলিয়ে ওই ব্যক্তি সর্বোচ্চ ২ লাখ টাকা পাবেন।
প্রশ্ন আসতে পারে, তাহলে বাকি টাকার কী হবে? সুরক্ষা তহবিল থেকে ২ লাখ টাকার বেশি পাওয়া যাবে না। তবে বাকি অর্থের জন্য আমানতকারী ব্যাংকের দায়িত্বে থাকা ব্যক্তির কাছে দাবি জানাতে পারে। কিন্তু সেই টাকা ফেরত পাবেন কী পাবেন না, তা নিশ্চিত বলা যায় না।
এটি নির্ভর করবে ব্যাংকের সম্পদের পরিমাণ এবং পাওনাদারদের দাবি মেটানোর সক্ষমতার ওপর। ব্যাংক বন্ধ হয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তিনি সেই ব্যাংকের সম্পদ, বিনিয়োগ এবং ঋণ থেকে পাওনা অর্থ আদায়ের চেষ্টা করেন। এরপর আইন অনুযায়ী পাওনা পরিশোধ করেন।
ব্যাংক রেজল্যুশন আই্নে বলা আছে, অবসায়নের প্রশাসনিক খরচ এবং সুরক্ষিত আমানতকারীদের পাওনা মেটানোর পর অতিরিক্ত আমানতের দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর সরকারি কর ও বিল, কর্মীদের নির্দিষ্ট পাওনা এবং অন্যান্য পাওনাদারদের দাবি পরিশোধের বিষয় আসে। তবে ব্যাংকের সম্পদ দিয়ে সব পাওনা মেটানো সম্ভব না হলে আমানতকারীরা তাদের সম্পূর্ণ টাকা নাও পেতে পারেন।
এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। কোনো ব্যাংক সমস্যায় পড়লেই সেটি সরাসরি বন্ধ হয়ে যায় না। ব্যাংক রেজল্যুশন আইনে বাংলাদেশ ব্যাংককে সংকটাপন্ন ব্যাংক পুনর্গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে নতুন মূলধন সংগ্রহ, অন্য প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় হস্তান্তর কিংবা ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে। এসব ব্যবস্থার উদ্দেশ্য হলো ব্যাংকের কার্যক্রম সচল রাখা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষা করা।
কোনো ব্যাংক আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেলে সুরক্ষিত আমানত পরিশোধের জন্য আইনে নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে। অবসায়ক নিয়োগের পর ১০ কার্যদিবসের মধ্যে আমানতকারীদের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংক সুরক্ষিত আমানতের অর্থ পরিশোধ করবে।