তিন বছর আগে নির্ধারণ করা নিম্নতম মজুরি দিয়ে পোশাক শ্রমিকদের সংসার চালানোতো দূরের কথা, মূল্যস্ফীতির চাপে উলটো কমে গিয়েছিল তাদের আয়।
পোশাক শ্রমিকদের ‘প্রচণ্ড’ নাভিশ্বাসে এবার হয়ত আসবে কিছুটা স্বস্তি। কিন্তু বাংলাদেশের ‘রপ্তানি ইঞ্জিন’ তৈরি পোশাক উৎপাদকরা স্বস্তি পাবেন কতটা?
মজুরি বোর্ডের ঘোষণা করা নতুন নিম্নতম বেতন কাঠামোতে মূল্যস্ফীতি সমন্বয়ের পরও পোশাক শ্রমিকদের আয় বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বোর্ড গঠনের পর চারটি বৈঠক করে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। মঙ্গলবার শেষ বৈঠকে একমত হতে না পারায় ভোটাভুটির মাধ্যমে ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয় ১৭ হাজার টাকা।
তিন বছর পরে বেতন বৃদ্ধির এই প্রভাব শ্রমিকদের জীবনযাত্রায় পড়বে কতটা? এটা কি জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার জন্য যথেষ্ট?
নাকি মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে গিয়ে মজুরি বৃদ্ধির বড় অংশই ব্যয় হয়ে যাবে?
আবার নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে গিয়ে কতটা চাপে পড়বেন তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা? প্রতিযোগী দেশগুলোর তুলনায় তারা কি পিছিয়ে পড়বেন?
নতুন মজুরির হিসাব, মূল্যস্ফীতির প্রভাব এবং কারখানার ওপর প্রভাব বিশ্লেষণ করলেই স্পষ্ট হবে, এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের জন্য কতটা স্বস্তি নিয়ে এসেছে এবং কতটা অস্বস্তি আনছে উৎপাদনকের জন্য।
পোশাকখাতের নতুন কাঠামো ঘোষণা
তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়ানোর লক্ষ্যে গত পহেলা নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। মাত্র ২৪ দিনের মধ্যে চারটি বৈঠক করে ঘোষণা করা হয় নতুন মজুরি।
শুরুতে শ্রমিক পক্ষের দাবি ছিল ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার। কিন্তু পরে সভাগুলোতে দরকষাকষির সময় তা কমাতে থাকেন শ্রমিক নেতারা।
গত ৯ই নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দেয়।
আলোচনার বিভিন্ন ধাপে দাবি কমিয়ে ২৫ হাজার টাকা, ২২ হাজার টাকা এবং সর্বশেষ ১৮ হাজার টাকায় আনা হয়।
এরই মধ্যে ২৩এ নভেম্বর তৃতীয় সভায় মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয় ১৫ হাজার ৭০০ টাকা।
মঙ্গলবার সর্বশেষ বৈঠকে মালিকপক্ষ প্রস্তাব রাখে ১৭ হাজার টাকার, শ্রমিকপক্ষ ১৮ হাজার। কিন্তু দুইপক্ষ একমত হতে পারায় ভোটাভুটিতে যায় বোর্ড। ছয়টির মধ্যে ৪টি ভোটই পড়ে মালিকপক্ষের প্রস্তাবের পক্ষে। এরপরই নির্ধারণ করা ন্যূনতম মজুরি।
মোট চারটি গ্রেডে ভাগ করে ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
গ্রেড ৪–এ ১৭ হাজার টাকা, গ্রেড ৩–এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২–এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১–এ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।
তবে যাদের বেতন এই নতুন কাঠামোর ওপরে, তাদের বেতন সমন্বয়ে ন্যূনতম দুই হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হওয়ার কথা ১লা ডিসেম্বর থেকে। অর্থাৎ ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে পাওয়া বেতন থেকেই শ্রমিকরা পাবেন নতুন কাঠামোর সুবিধা।
শ্রমিক ও মালিকপক্ষ উভয় পক্ষের দরকষাকষির মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছেন গবেষণা প্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের (কেএইচআই) সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
“দুই পক্ষের নেগোসিয়েশন, এটা ইতিবাচক শুরু,” আলাপকে বলেন তিনি।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি নাজমা আক্তার আলাপকে বলেন, “আমরা আরেকটু চেয়েছিলাম।”
“১৮ হাজার টাকা হলে সন্তোষজনক হতো। তারপরও যেটা হয়েছে, সেটা এখন বাস্তবায়নের দিকে আমরা মনোযোগ দিতে চাই,” যোগ করেন তিনি।
নতুন বেতন ও মূল্যস্ফীতি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ দামের কারণে মূল্যস্ফীতির পারদ চড়া থাকায় এর মূল্য চোকাতে হচ্ছে কম আয়ের মানুষদের। ফলে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কর্মরত ৪০ থেকে ৪২ লাখ শ্রমিককেও।
মূল্যস্ফীতির তুলনায় বেতন কতটা বাড়ল সেই হিসাবটা মিলিয়ে দেখা যাক।
প্রায় তিন বছর পর ঘোষিত নতুন মজুরিতে কাঠামোতে ন্যূনতম বেতন বাড়ছে ৩৬ শতাংশ। গড়ে বার্ষিক শতকরা বৃদ্ধির হার সরলভাবে ১২ শতাংশ এবং চক্রবৃদ্ধি হারে ১০ দশমিক ৭৯ শতাংশ।
গত তিন অর্থবছরে দেশে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ। চক্রবৃদ্ধি হারে এই সময়ে পণ্য ও সেবার দাম বেড়েছে ৩১ দশমিক ২২ শতাংশ।
২০২৩ সালে ঘোষিত ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে মূল্যস্ফীতির হিসাব যোগ করলে একজন শ্রমিকের ন্যূনতম মজুরির প্রকৃত ক্রয়ক্ষমতা কমে দাঁড়িয়েছিল প্রায় ৯ হাজার ৫২৬ টাকায়।
এর ফলে শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমে গিয়েছিল প্রায় ২৩ দশমিক ৭৯ শতাংশ। তাই মজুরি বাড়ানোর তাগাদা আসছিল আগে থেকেই।
ন্যূনতম মজুরি ১৭ হাজারে উন্নীত হওয়ায় মূল্যস্ফীতির চাপে আয় কমে যাওয়ার ‘যাঁতাকল’ থেকে শ্রমিকদের ‘কিছুটা’ মুক্তি মিলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নতুন এই মজুরি আগের তুলনায় ৩৬ শতাংশ বৃদ্ধি এবং তিন বছরের মূল্যস্ফীতি সমন্বয়ের পরও শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়ছে ৩ দশমিক ৬৫ শতাংশ।
এটা ‘প্রত্যাশা মতো’ না হলেও শ্রমিকদের ‘ঋণগ্রস্ততা কিছুটা কমবে’ বলে মনে করেন খন্দকার গোলাম মোয়াজ্জেম।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, দেশের চলমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিকে অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর যে চাপ তৈরি হয়েছে, বোর্ড তা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে বলেও জানান তিনি।
এর আগে ২০২৩ সালে সর্বনিম্ন মজুরি বাড়ানো হয়েছিল ৫ বছর পর। ২০১৮ সালে নির্ধারণ করা হয় ৮ হাজার টাকা। সেখান থেকে বেড়ে হয় ১২ হাজার ৫০০ টাকা। মোট বৃদ্ধির হার ছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
তখন সরল হিসাবে গড়ে প্রতিবছর ১১ দশমিক ২৫ শতাংশ এবং চক্রবৃদ্ধি হারে বেড়েছিল গড়ে প্রতিবছর বেড়েছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।
কিন্তু তখন বেতন বেড়েছিল পাঁচ বছর পর। তাই ২০২৩ সালের সঙ্গে তুলনা করলে এবারের ন্যূনতম বেতন বৃদ্ধির হার বেশি বলে মনে করছেন পোশাক খাত সংশ্লিষ্টরা।
সংকটে 'রপ্তানি ইঞ্জিন'
বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা হলো তৈরি পোশাকখাত, যেখান থেকে আসে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগের বেশি।
কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে এই শিল্পকে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বা মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।
কিন্তু সম্প্রতি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশের 'রপ্তানি ইঞ্জিন' হিসাবে পরিচিত এই খাত।
অর্ডার কমে যাওয়া, মন্দ ঋণের প্রভাব, শ্রমিক অসন্তোষসহ নানা সমস্যায় মধ্যে নতুন করে যোগ হলো বাড়তি বেতন।
বাড়তি এই বেতনের চাপ কতটা প্রভাব ফেলবে, তার একটা ধারণা পাওয়া যায় বাংলাদেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের কথায়।
“২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে আমাদের খরচ বেড়েছে ৩০ শতাংশ। নতুন করে বাড়তি বেতনের জন্য প্রতিটি পোশাকে যোগ হবে ২৫ থেকে ৩০ সেন্টস। এখন এই বাড়তি খরচ ক্রেতা কি আমাদের দেবেন?”
“আর ক্রেতা যদি বাড়তি খরচের টাকা না দেয়, তাহলে আমাদেরতো ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে,” যোগ করেন পারভেজ।
তৈরি পোশাক শিল্পের এই উদ্যোক্তা মনে করেন, বাংলাদেশের শ্রমিকদের ন্যূনতম বেতন বেড়ে এখন ভারতের শ্রমিকদের সমান হয়ে গেছে।
কিন্তু ভারতে যে ধরনের বিদ্যুৎ জ্বালানিসহ ভৌত অবকাঠামোর সুবিধা রয়েছে, তা বাংলাদেশে অনুপস্থিত বলে জানান তিনি।
বাংলাদেশের তৈরি পোশাক খাত কতটা সংকটে রয়েছে, তা বোঝা যায় বাংলাদেশ ব্যাংকের একটি হিসাবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে মন্দ বা খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ২ হাজার কোটি টাকা, যা এই খাতে বিতরণকৃত মোট ঋণের প্রায় ৩০ শতাংশ।
বিজিএমইএ-এর হিসাবে, নভেম্বরের বিভিন্ন সময়ে উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে ৩০০ থেকে ৫০০টি পর্যন্ত কারখানায়।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান দুই বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কমেছে পোশাক রপ্তানি। ইউরোপের বাজারে ১২ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ৪ দশমিক ৫৯ শতাংশ কমেছে রপ্তানি।
আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, “মন্দ ঋণ বাড়ছে। যাদের ঋণ মন্দ নেই, তাদের অবস্থাও সন্তোষজনক না।
“আমাদের মুনাফা কমেছে দুই থেকে আড়াই শতাংশ। বেড়েছে ওভারহেড কস্ট। এর ওপর বেতন বৃদ্ধির চাপ এবং প্রতিযোগীদের তুলনায় সুযোগ-সুবিধায় পিছিয়ে থাকা।”
এই অবস্থা চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ কারখানা বন্ধ এবং ৭ থেকে ৮ লাখ শ্রমিক বেকার হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
ভিয়েতনামের প্রায় এক দশক আগে বাংলাদেশে গড়ে ওঠে রপ্তানিমুখী আধুনিক তৈরি পোশাকশিল্প। কিন্তু এখন সেই ভিয়েতনামই ফেলছে বাংলাদেশের ঘাড়ের ওপর নিশ্বাস। দুই দেশের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
বিশ্ববাণিজ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী রপ্তানি আয়ে সামান্য এগিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। কিন্তু প্রবৃদ্ধির গতি, উৎপাদনশীলতা এবং উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে এগিয়ে গেছে ভিয়েতনাম।
দেশটির পোশাক শিল্পের এই দ্রুত অগ্রগতির মূল কারণ হলো শ্রমিকদের উচ্চ উৎপাদনশীলতা, সিনথেটিক ও উচ্চমূল্যের পোশাক তৈরিতে দক্ষতা, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি, উন্নত বন্দর ও লজিস্টিকস অবকাঠামো এবং বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ।
বিশেষজ্ঞরা প্রায়ই জোর দেন, বাংলাদেশের পোশাকশিল্পের দক্ষতা বাড়ানোর ওপর। দক্ষ শ্রমিক, কমপ্লায়েন্ট কারখানা এবং দক্ষ ব্যবস্থাপনা।
একদিকে দক্ষ জনবল যেমন তৈরি করতে হবে, তেমনি বাড়াতে হবে কারখানার উৎপাদন সক্ষমতা। পাশাপাশি কমাতে হবে মন্দ ঋণ এবং সর্বোপরি ক্রেতাদের কাছ থেকে আদায় করতে হবে ন্যায্য দামও।
মূল্যস্ফীতির তীব্র চাপ থেকে শ্রমিকদের সুরক্ষা দেওয়া যেমন অপরিহার্য, তেমনি আত্মঘাতী হলো অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে শিল্প উৎপাদন সংকটে ফেলা।
শ্রমিক যদি হয় উৎপাদনের প্রাণ, তাহলে কারখানা হলো সেই প্রাণের আধার বা শরীর। অস্তিত্বের স্বার্থে টিকে থাকতে হবে উভয়কেই।
শ্রমিকের জীবনমান রক্ষা এবং শিল্পের সক্ষমতা অটুট রাখার মধ্যে একটি টেকসই ও সুষম ভারসাম্য খুঁজে বের করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।