মানি ম্যাটার্স

কার্ডে এনএফসি থাকলে কী সুবিধা পাওয়া যায়?

বিভিন্ন শপিং মল, রেস্তোরাঁ ও নানা জায়গায় দেখা যায়, পয়েন্ট অব সেল বা পিওএস মেশিনে কার্ড পাঞ্চ কিংবা স্পর্শ করলেই পেমেন্ট হয়ে যাচ্ছে। ক্রেতাকে আলাদা করে কোনো পিন দেওয়া লাগছে না। এধরনের লেনদেন মূলত কন্ট্যাক্টলেস পেমেন্ট হিসেবে পরিচিত। 

এ ধরনের লেনদেন সম্ভব হয়েছে এনএফসি প্রযুক্তির কারণে। ব্যাংক থেকে ইস্যু করা অনেক ডেবিট বা ক্রেডিট কার্ডে এনএফসি প্রযুক্তি যুক্ত থাকে। 

এনএফসি এর পূর্ণরূপ হলো নিয়ার ফিল্ড কমিউনিকেশান বা স্বল্প দূরত্বের যোগাযোগ। এটা মূলত রেডিও ফ্রিকুয়েন্সি বা আরএফআইডি-এর মাধ্যমে কাজ করে। তাই কয়েক সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি ডিভাইসের মধ্যে যোগাযোগ সম্পন্ন হতে কোনো তারের প্রয়োজন হয় না। 

ব্যাংক কার্ডে এনএফসি প্রযুক্তি সমন্বয়ের মূল উদ্দেশ্য হলো দ্রুত ও সহজে লেনদেন করা। এ ধরনের কনট্যাক্টলেস কার্ডে থাকা বিশেষ চিপ ও অ্যান্টেনা পিওএস মেশিনের সঙ্গে যোগাযোগ তৈরি করে। কার্ডটি মেশিনের কাছে ধরলেই লেনদেনের তথ্য সেই মেশিনে চলে যায়। এরপর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। এরপর গ্রাহকের ফোনে ব্যাংক থেকে লেনদেন সংক্রান্ত এসএমএস চলে যায়। 

বাংলাদেশ ব্যাংক ২০১৮ সালে প্রথম ক্রেডিট কার্ডে এনএফসি প্রযুক্তির মাধ্যমে কনট্যাক্টলেস লেনদেনের অনুমতি দেয়। পরে ২০২২ সালে ডেবিট ও প্রিপেইড কার্ডেও এ সুবিধা চালুর অনুমতি দেওয়া হয়। তবে সব ধরনের কার্ডে নয়, ইএমভিকো (EMVCo) মানসম্মত কার্ডে এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে।

এ পদ্ধতিতে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে পিন বা দ্বিতীয় স্তরের নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন হয় না। তবে লেনদেনের পরিমাণ ৫ হাজার টাকার উপরে উঠলেই পিন অথবা দ্বিতীয় স্তরের যাচাই প্রয়োজন। ব্যাংক চাইলে নিজস্ব ঝুঁকি বিবেচনায় লেনদেনের সীমা বা দৈনিক লেনদেনের সংখ্যা নির্ধারণ করতে পারে।

তবে সব কার্ডে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে না। কার্ডে এ সুবিধা আছে কি না, তা বোঝার একটি সহজ উপায় হলো কার্ডের ওপরের দিকে থাকা কনট্যাক্টলেস চিহ্নটি খেয়াল করা। এটি দেখতে অনেকটা ওয়াই-ফাইয়ের চিহ্নের মতো। কনট্যাক্টলেস পেমেন্ট গ্রহণ করা যায় এমন পিওএস মেশিনেও একই চিহ্ন থাকে। কার্ডটি মেশিনের কাছাকাছি ধরলেই সাধারণত এক থেকে দুই সেকেন্ডের মধ্যে লেনদেন সম্পন্ন হয়ে যায়।

কার্ডে এই চিহ্ন না থাকলে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে কন্ট্যাক্টলেস কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। তখন ব্যাংক থেকে আগের কার্ডটা পরিবর্তন করে এনএফসি প্রযুক্তি যুক্ত নতুন ডেবিট বা ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। তবে ব্যাংক ও কার্ডভেদে এ প্রক্রিয়া আলাদা হতে পারে।

এনএফসি প্রযুক্তি শুধু ব্যাংক কার্ডের লেনদেনেই ব্যবহৃত হয় না। মেট্রোরেলে টিকিটিং ব্যবস্থা, চাকরিজীবীদের অফিসে ঢুকার সময় আইডিকার্ড পাঞ্চ করতে ও হোটেল রুমের দরজায় যে কি কার্ড ব্যবহার করা হয়, সেখানেও এনএফসি-এর ব্যবহার দেখা যায়। তবে এসব ব্যবস্থায় সব সময় একই প্রযুক্তি ব্যবহার করা হয় না; কোথাও এনএফসি, কোথাও অন্য ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি প্রযুক্তি থাকতে পারে।

দ্রুত লেনদেনের সুবিধার পাশাপাশি কনট্যাক্টলেস কার্ড ব্যবহারে কিছু সতর্কতাও জরুরি। পিন ছাড়া লেনদেনের সুযোগ থাকায় কার্ড হারিয়ে গেলে বা চুরি হলে অন্য কেউ খুব সহজেই সেই কার্ড দিয়ে লেনদেন করতে পারবে। তাই কার্ড হারানোর বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গে ব্যাংকের কল সেন্টার বা নির্ধারিত মাধ্যমে যোগাযোগ করে কার্ডটি বন্ধ করে দিতে হবে।

এ ছাড়াও ব্যাংক থেকে পাঠানো লেনদেনের এসএমএস নিয়মিত খেয়াল রাখতে হবে। অপরিচিত কারও হাতে কার্ড দেওয়া যাবে না। আর পিওএস মেশিনে লেনদেনের সময় কার্ডের ব্যবহার নজরে রাখাও গুরুত্বপূর্ণ।