মানি ম্যাটার্স

ভিসা, মাস্টারকার্ড, অ্যামেক্স: কোন দেশে কোনটি নেবেন

ব্যাংক থেকে ইস্যু করা কার্ডে অনেক সময় ভিসা, মাস্টারকার্ড কিংবা অ্যামেক্স নাম দেখা যায়। আবার একই ব্যাংকের এক কার্ডে ভিসা, অন্য কার্ডে মাস্টারকার্ড লেখা থাকতে পারে। এগুলো মূলত আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক, যার মাধ্যমে দেশে-বিদেশে বিভিন্ন লেনদেনের জন্য কার্ডগুলো ব্যবহার করা যায়।

বাংলাদেশে ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেরিকান এক্সপ্রেস বা অ্যামেক্সের পাশাপাশি ইউনিয়ন পে নেটওয়ার্কও চালু রয়েছে। এর মধ্যে ভিসা ও মাস্টারকার্ড সবচেয়ে বেশি প্রচলিত। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত এই দুই নেটওয়ার্কের কার্ড ইস্যু করে থাকে। অন্যদিকে, অ্যামেক্স কার্ড ইস্যু করে শুধুই সিটিব্যাংক। ইউনিয়ন পে-ও বাংলাদেশে চালু আছে, তবে এর ব্যবহার তুলনামূলক সীমিত।

ভিসা, মাস্টারকার্ড বা অ্যামেক্স নেটওয়ার্কের কার্ড থাকলে দেশের বাইরে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুযোগ পাওয়া যায়। তবে এ ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। বিদেশে কার্ড ব্যবহার করে ডলারে লেনদেনের আগে ব্যাংকের মাধ্যমে পাসপোর্টে ডলার এনডোর্স করাতে হয়। একজন গ্রাহক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত লেনদেন করতে পারেন।

এ ধরনের কার্ড দিয়ে শপিং মল, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পিওএস মেশিনে কার্ড পাঞ্চ বা ট্যাপ করে বিল পরিশোধ করা যায়। এছাড়াও দেশের ভেতরে ও বাইরে এটিএম বুথ থেকে নগদ টাকা তোলার সুবিধাও আছে। পাশাপাশি দেশি-বিদেশি ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট এবং মোবাইল ব্যাংকিং অ্যাপে অ্যাড মানি করতেও এসব কার্ড ব্যবহার করা যায়। বিভিন্ন মার্চেন্ট বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ভিত্তিতে কার্ড ব্যবহারকারীদের জন্য লেনদেনের সময় ছাড় ও বিশেষ অফারও থাকে।

তবে আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্কের কার্ড থাকলেই বিশ্বের সব দেশে সব জায়গায় লেনদেন করা যাবে, ব্যাপারটা এমন নয়। দেশভেদে কোন কোন নেটওয়ার্কের কার্ড বেশি প্রচলিত, আবার কোনোটা তেমন না। যেমন, চীনে ভিসা বা মাস্টারকার্ড সব জায়গায় গ্রহণ করা হয় না। সেখানে ইউনিয়ন পে বেশি প্রচলিত। আবার ভারতে অ্যামেক্স কার্ডের ব্যবহার তুলনামূলক সীমিত। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কানাডার বিভিন্ন দেশে ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্স কার্ড সহজেই সবখানে ব্যবহার করা যায়। 

কার্ড ব্যবহারের আগে এর খরচ সম্পর্কেও ধারণা থাকা জরুরি। নেটওয়ার্ক ও কার্ডের ধরন অনুযায়ী বার্ষিক ফি ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা বা তার বেশি হতে পারে। বিদেশি মুদ্রায় লেনদেনের সময় ১ থেকে ৩ শতাংশ পর্যন্ত মুদ্রা রূপান্তর ফি বা কনভার্সন ফিও কাটা হতে পারে।

আরেকটা বিষয় হলো, ব্যবহারকারী নিজের ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে চাইলে সেক্ষেত্রে তাকে কোনো অতরিক্ত চার্জ দিতে হবে না। কিন্তু সেই কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সময় এক্সট্রা চার্জ কাটা হয়। দেশের ভেতরে এই চার্জ প্রতি ট্র্যানজেকশানে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত হতে পারে। আর দেশের বাইরে হলে এটা তিন থেকে পাঁচ ডলার পর্যন্ত যেতে পারে।