গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৈরি নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার এক নোটিশে অনিবার্য কারণ দেখিয়ে একইদিন হতে যাওয়া সভাটি স্থগিত করে বোর্ড।
সকাল ১১টায় ঢাকার বিজয়নগরের শ্রম ভবনে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি হওয়ার কথা ছিল। যেখানে গার্মেন্টস শিল্পখাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে গার্মেন্টস মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব দেওয়ারও কথা ছিল।
নোটিস অনুযায়ী, অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। তবে শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের ৯ই নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে লিখিত প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। যেখানে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিলো।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে ১লা নভেম্বর পোশাকশিল্পের জন্য নতুন করে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
এই বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।