মানি ম্যাটার্স

ডেবিট, ক্রেডিট, প্রিপেইড: কোন কার্ডের কী কাজ

কেনাকাটা থেকে শুরু করে রেস্টুরেন্টে বিল দেওয়া, এমন অনেক কাজেই এখন ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে। তবে পেমেন্টের সময় ডেবিট, ক্রেডিট কিংবা প্রিপেইড কার্ডের নাম দেখে অনেকেই দ্বিধায় পড়েন। কার্ডগুলোর কাজ এক নয়। কোনোটি দিয়ে ব্যাংকে জমানো টাকা খরচ করা যায়, আবার কোনোটা ব্যাংক থেকে ঋণ নিতে ব্যবহৃত হয়। 

সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর লেনদেন, কেনাকাটা ও বিল পরিশোধের জন্য ডেবিট কার্ড নেওয়া যায়। এ ছাড়া ব্যাংকগুলো ক্রেডিট ও প্রিপেইড কার্ডও দিয়ে থাকে। প্রতিটি কার্ডের ব্যবহার আলাদা।

ডেবিট কার্ড

ডেবিট কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সাথে সরাসরি যুক্ত থাকে। অ্যাকাউন্টে টাকা না থাকলে, ডেবিট কার্ডের কোনো ব্যবহার নেই। কারণ এই কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে জমা টাকা খরচ করা যায়। ডেবিট কার্ড দিয়ে এটিএম থেকেও টাকা তোলা যায়। সেই টাকা একইসাথে ব্যবহারকারীর ব্যাংক ব্যালেন্স থেকে কাটা পড়ে। ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা বা অন্য কোনো পেমেন্টের সময়ও অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। 

এক্ষেত্রে ব্যবহারকারীরা যেহেতু নিজের জমানো টাকাই খরচ করছেন, তাই ব্যাংককে আলাদা করে সেই টাকার জন্য কোনো সুদ বা মুনাফা দিতে হয় না। তবে কার্ড ব্যবহারের জন্য বার্ষিক ফি, লেনদেন ফি বা অন্যান্য চার্জ থাকতে পারে। এই ফি একেক ব্যাংকে একেক রকম হয়। 

ক্রেডিট কার্ড

ব্যাংক থেকে তাৎক্ষণিক ঋণ নিতে ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলে, কেনাকাটা বা জরুরি প্রয়োজনে অর্থ পরিশোধের জন্য ক্রেডিট কার্ড কাজে লাগে। একটা নির্দিষ্ট সময় পর এই টাকা ব্যাংককে আবার পরিশোধ করে দিতে হয়। টাকা ফেরত দিতে দেরি করলে বকেয়া টাকার উপর মোটা অঙ্কের সুদ দিতে হয়। 

ক্রেডিট কার্ড দিয়ে যত ইচ্ছা তত খরচ করা যায় না। ব্যাংকগুলো গ্রাহকের আয় ও আর্থিক সক্ষমতা বিবেচনা করে ক্রেডিট কার্ড থেকে ঋণ নেওয়ার একটা সীমা ঠিক করে দেয়। কারও মাসিক আয় যদি ৫০ হাজার টাকা হয়, তাহলে ব্যাংকভেদে ক্রেডিট কার্ডের সীমা এক থেকে দেড় লাখের মধ্যে হতে পারে। 

প্রিপেইড কার্ড

এই কার্ডের নামের সাথে এর ব্যবহারের মিল আছে। প্রিপেইড কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টে জমানো টাকা বা ঋণ নেওয়ার সীমার কোনো সম্পর্ক নেই। এই কার্ড ব্যবহার করতে হলে আগে থেকে কার্ডে টাকা লোড করে নিতে হয়। এরপর সেই টাকা থেকে প্রয়োজনমতো খরচ করা যায়। 

ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো প্রিপেইড কার্ড ব্যবহারের জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। তবে কার্ড ইস্যুকারী ব্যাংকের নিয়ম অনুযায়ী পরিচয় যাচাইসহ কিছু শর্ত পূরণ করতে হতে পারে।

ডুয়েল কারেন্সি ও মাল্টি কারেন্সি কার্ড

আন্তর্জাতিক লেনদেনের সবচেয়ে সহজ মাধ্যম হলো ডুয়েল ও মাল্টি কারেন্সি কার্ড। সাধারন ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে শুধু দেশের ভেতরে টাকা দিয়ে লেনদেন সম্ভব। কিন্তু ডুয়েল বা মাল্টি কারেন্সি কার্ড দিয়ে টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রাতেও লেনদেন করা যায়। 

বিদেশ ভ্রমণের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ই-কমার্স সাইটে কেনাকাটা, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এর মতো ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফি পরিশোধ কিংবা বিদেশি প্রতিষ্ঠানে টিউশন ফি দেওয়ার জন্য ডুয়েল বা মাল্টি কারেন্সি কার্ডের গুরুত্ব অনেক বেশি। 

তবে বৈদেশিক মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে মুদ্রা রুপান্তরের জন্য ব্যাংককে এক ধরনের কারেন্সি কনভার্সন বা মার্কআপ ফি দিতে হয়। ব্যাংকভেদে এই ফি লেনদেন করা অঙ্কের এক থেকে তিন শতাংশ বা কিছু কিছু ক্ষেত্রে এর বেশিও হতে পারে। 

ডুয়েল কারেন্সি কার্ডের ক্ষেত্রে টাকা ও ডলারের ক্ষেত্রে এই মার্কআপ ফি প্রয়োজন হয় না। তবে কেউ যদি ইউরোতে লেনদেন করতে চায়, তাহলে মার্কআপ ফি দেওয়া লাগবে। কারণ ব্যাংক এখানে অ্যাকাউন্টে থাকা টাকাকে সরাসরি ইউরোতে রুপান্তর করে না। আগে ডলার, এরপর ইউরোতে কনভার্ট করা হয়। একারণেই মার্কআপ ফি যুক্ত হয়। 

তবে মাল্টি কারেন্সি কার্ডের ক্ষেত্রে টাকা ও ডলারের পাশাপাশি ইউরো ও ব্রিটিশ পাউন্ডের মতো আরও কয়েকটা কারেন্সি মার্কআপ ফি মুক্ত। কয়টা কারেন্সিতে মার্কআপ ফি থাকবে না, সেটা একেক ব্যাংকে একেক রকম। 

তবে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে কার্ড হোল্ডারকে অবশ্যই পাসপোর্টে ডলার এনডোর্স করাতে হবে। একইসাথে সরকারকে লেনদেনের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে দিতে হবে। 

তাই কার্ড নেওয়ার আগে এর লেনদেনসীমা, ফি, মুদ্রা রূপান্তরের খরচ এবং ব্যবহারসংক্রান্ত শর্ত ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন।