ডলারে নয়, টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ

বিদেশ ভ্রমণের প্যাকেজ কিনতে এখন থেকে বাংলাদেশি টাকায় ট্যুর অপারেটরদের অর্থ দিতে পারবেন ভ্রমণকারীরা। ৯ই আগস্ট এ বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নিয়মে, ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নিবন্ধিত ট্যুর অপারেটররা গ্রাহকের কাছ থেকে টাকায় প্যাকেজের মূল্য নিতে পারবেন। পরে ব্যাংকের মাধ্যমে সেই অর্থের সমপরিমাণ ডলার বা অন্য বৈদেশিক মুদ্রা বিদেশে থাকা সংশ্লিষ্ট হোটেল, ট্যুর অপারেটর বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে দেওয়া যাবে।

তবে এই সুবিধা পেতে ট্যুর অপারেটরের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বৈধ চুক্তি বা ব্যবসায়িক সমঝোতা থাকতে হবে।

একজন ভ্রমণকারীর জন্য বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এ জন্য ট্যুর অপারেটরকে ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরসহ লেনদেনের বিস্তারিত তথ্য রাখতে হবে।

এ ছাড়া ভ্রমণকারীকে লিখিতভাবে জানাতে হবে যে, অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে তিনি একই বছরে নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা নেননি।

তবে ৩ হাজার ডলারের বেশি দামের প্যাকেজ কিনতে চাইলে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় মূল্য পরিশোধ করতে হবে।

বিদেশে টাকা পাঠানোর আগে ব্যাংককে ইনভয়েস, চুক্তি, ভ্রমণসূচি, ভ্রমণকারীদের তালিকা এবং টাকায় মূল্য পরিশোধের প্রমাণ যাচাই করতে হবে। টাকা পাঠানোর সাত দিনের মধ্যে এসব লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।