৮৬ হাজার উপাসনালয়ের সেবাকর্মীদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার

দেশের মোট ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার।

চলতি বছরের ২রা ডিসেম্বর কুষ্টিয়া জেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় ব্যক্তিদের সম্মানী দেওয়ার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করবেন বলে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বাসস। এছাড়াও ৫ই ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ই ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১এ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতৃবৃন্দের হাতে সম্মানী তুলে দেবেন তারেক রহমান।

২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনতে সরকারের পরিকল্পনা রয়েছে।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর করার কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাসসকে জানিয়েছে।

এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কথা জানান তিনি।

জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে সম্মানী কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী সম্মানী পাবেন।

নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন।

একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যে তাদের দায়িত্ব পালন করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত ও অন্যান্য ধর্মীয় সেবাকর্মীর নির্দিষ্ট আয়ের সুযোগ সীমিত। তাদের নিয়মিত সম্মানী প্রদানের মাধ্যমে জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।

বাসসের প্রতিবেদন বলছে, এই বছরের ১৪ই মার্চ প্রথমবারের মতো পাইলট প্রকল্পের মাধ্যমে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী প্রদানের কার্যক্রম শুরু হয়।

প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় সেবাকর্মীকে কর্মসূচির আওতায় আনা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন ও অবশিষ্টরা খাদেমসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মী রয়েছেন ।

জনপ্রশাসন উপদেষ্টা জানান, আগামী ২রা ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান  কুষ্টিয়া সদরে মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করবেন।

সম্মানী বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচিতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে বলেও বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।