নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ ৬৩ ছাত্রকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। 

হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার আলাপ-কে এই তথ্য নিশ্চিত করছেন। তাদের মধ্যে চারজন লাইফ সাপোর্টে আছেন।

এদিকে মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, ঘটনার পর থেকে এক এক করে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা। আগুনের ধোঁয়ার কারণে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। এরকম ৪ জন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। 

তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে।

ভারপ্রাপ্ত পরিচালক আরো জানান, সংকটাপন্ন রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুরে আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের অনেকেই এখন সুস্থ। 

শারীরিক অবস্থা বিবেচনায় তাদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও ছাড় দেওয়া হবে।