সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত এক বাংলাদেশির মরদেহ ফিরলো ঢাকায়

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

শুক্রবার সকালে শাহেদের মরদেহ নিয়ে আসা বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। এরপর শাহেদের মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নিহত শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে।

মরদেহ হস্তান্তরের সময় শাহেদের পরিবারকে তাৎক্ষণিক ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দাফন ও যাতায়াত বাবদ ৩৫ হাজার এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা রয়েছে।

শাহেদ আহম্মেদের মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম।

পাশাপাশি শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি থেকে তার বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিটসহ মোট ২৭ হাজার ৩৯৫ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ লাখ টাকা), রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এই অর্থ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, এই বছরের ১০ই অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের হুতি গোষ্ঠী। ওই হামলায় শাহেদসহ দুই বাংলাদেশি নিহত হন। এ ছাড়াও হুথিদের চালানো সেই হামলায় অন্যান্য দেশের আরও ১১ জন মারা গেছেন।

হামলায় নিহত অন্য বাংলাদেশি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের নাসরুল্লাহ বদরপুরি। তিনি ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়ার পথে রিয়াদে ট্রানজিটে ছিলেন এবং জেদ্দায় যাওয়ার অপেক্ষায় ছিলেন।