লঞ্চ ও বাসের ভাড়া বাড়লো, রেলে এখনই নয়

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাস ভাড়া বাড়ানোর পর এবার সমন্বয় করা হলো লঞ্চের ভাড়া। তবে লোকসানের চাপ থাকলেও আপাতত ট্রেন ও ফেরির ভাড়া বাড়ানো হচ্ছে না।

বুধবার সচিবালয়ে সড়ক, নৌপরিবহণ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

লঞ্চের নতুন ভাড়া

প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানিয়েছেন, জ্বালানি তেল ও ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সার্বিক দিক বিবেচনা করে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা ভেবে তা ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।

বাসভাড়া বেড়েছে ১৭ পয়সা

লঞ্চের আগে মঙ্গলবার সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে বাসের ভাড়া দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়।

তবে দুই মহানগরীতে বাসের ন্যূনতম ভাড়া আগের মতো ১০ টাকা আর মিনিবাসের ক্ষেত্রে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী বাসভাড়া ২০ পয়সা বাড়ার কথা থাকলেও জনস্বার্থে ৩ পয়সা কমানো হয়েছে।

গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর সময় বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। ১৭ পয়সা বাড়ানোয় ঢাকা, চট্টগ্রাম ও দূরপাল্লার বাসের ভাড়ার তালিকা নতুন করে ঠিক করা হবে।

ট্রেন ফেরির ভাড়া এখনই বাড়ছে না

রেল ও ফেরির ভাড়ার বিষয়ে মন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানির দাম বাড়ায় রেল ও ফেরি খাতে লোকসান বাড়ছে এবং ভাড়া বাড়ানোর চাপ রয়েছে। তবে সরকার এখনই এই দুই খাতে ভাড়া বাড়াচ্ছে না।

তিনি বলেন, “আমরা সর্বাত্মক স্যাক্রিফাইস করে ভাড়া না বাড়িয়ে সমন্বয় করার চেষ্টা করছি।”

বিআইডব্লিউটিসি এবং ট্রাক-বাস মালিক সমিতি ফেরির ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হলেও জনস্বার্থে তা অপরিবর্তিত রাখা হয়েছে বলে তিনি জানান।

তবে লোকসান সামলাতে না পারলে ভবিষ্যতে যৌক্তিকভাবে ভাড়া বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

‘নৈরাজ্য মেনে নেওয়া হবে না’

ভাড়া বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেছেন, “বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না। নতুবা পরিবহন সেক্টর টিকবে না। তবে আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে সর্বনিম্ন পর্যায়ে বাড়ানোর সর্বাত্মক চেষ্টা করেছি।”

তেলের দাম বাড়ানোর  সুযোগ নিয়ে ভাড়া নিয়ে কোনো নৈরাজ্য বা স্বেচ্ছাচারিতায় করলে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন মন্ত্রী।