যশোরে জামায়াত এমপি'র বাড়ি ঘেরাও, শিশু ও নারীকে মারধরের অভিযোগে বিক্ষোভ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল ও তার মেয়ের বিরুদ্ধে একজন নারী ও শিশুর উপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় শত শত মানুষ। 

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা মাদ্রাসার একজন নারী ও একজন শিশু শিক্ষার্থীর ওপর হামলা চালান। হামলায় একজন নারী শিক্ষার্থী মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও দাবি করেন স্থানীয়রা।

স্থানীয় একজন বাসিন্দা আলাপ-কে বলেন, "চলমান বিরোধ নিয়ে গত রাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিলো। কিন্তু মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে সেটি বন্ধ রাখতে চাপ প্রয়োগ করা হয়।"

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সকাল ১০টার পর শত শত মানুষ সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বলে জানান তিনি।

একপর্যায়ে বিক্ষোভকারীরা বাড়ির দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি শান্ত করতে সংসদ সদস্য গোলাম রসুলের এক আত্মীয় ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতার একাংশ তাকে মারধর করেন বলে জানা গেছে। পরে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা।

তিনি গণমাধ্যমকে বলেন, "আমাদের মেয়ে অনন্যা মানসিক রোগী। মাদ্রাসা বন্ধ থাকার পরও কিছু শিশু সেখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বাড়িতে হামলা চালানো হয়েছে, গণমাধ্যমকে জানান তিনি।"

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ফোনে আলাপ-কে বলেন, "আমাদের অনুরোধে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন।"

তিনি আরও জানান, "এখনও এমপির বাড়ির সামনে বিক্ষুব্ধ জনতার অনেকেই অবস্থান করছেন। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।"