ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল প্যালেসে হুথিদের হামলা, নিহত পাঁচ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেস কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দেশটির হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবারের এ হামলায় পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে নিরাপত্তারক্ষী ও বেসামরিক কর্মচারী রয়েছেন।

আল-মাশিক প্রাসাদটি সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রধান কার্যালয় হিসেবে ব্যাবহার হয়ে আসছে। ইয়েমেনের তথ্য মন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি দ্য গার্ডিয়ানকে বলেছেন, হামলার সময় প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি ও মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে ছিলেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ হামলা চালানো হলো।

ইয়েমেন সরকারের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রাসাদ কমপ্লেক্সের একটি কমান্ড সেন্টারে তিনটি এবং জোটের সদর দপ্তরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে সৌদি ও ইয়েমেনি নাগরিক হতাহত হয়েছেন বলে দাবি করা হলেও এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলায় আঞ্চলিক নিরাপত্তা ও বিমান চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুথিদের করা একের পর এক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে রিয়াদের বিমানবন্দরে হামলার পাশাপাশি লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ও হুমকির বিষয়টি বিস্তারিত আকারে তুলে ধরে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এখন পর্যন্ত ২০ বার হামলার শিকার হয়েছে।  

১৫ই অক্টোবর সৌদি আরবের নেতৃত্বাধীন জোট মদিনা প্রদেশের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছে। এ ছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন ধ্বংস করার পাশাপাশি খামিস মুশাইত এলাকায় আরেকটি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব।

সৌদি আরবের ওপর হুতিদের এই সংঘাতের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরেডার২৪ জানিয়েছে, জেদ্দা বিমানবন্দরে ইতোমধ্যে অনেক ফ্লাইট বাতিল হয়েছে অথবা বিলম্বিত হয়েছে। সৌদি আকাশসীমা ব্যবহার নিয়ে হুথিদের সতর্কবার্তার কারণে আঞ্চলিক বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।