কক্সবাজারে একরামুল হত‍্যা: ব্রি. জে. মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম

কক্সবাজারের একরামুল হক হত‍্যার ঘটনায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আন্তবাহিনী জনংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ‍্য নিশ্চিত করেছে।

২০১৮ সালে ঘটনার সময় তিনি লে. কর্নেল র‍্যাংকে র‍্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। আইএসপিআর জানিয়েছে, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

ওই মামলায় গণঅভু‍্যত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় আছেন ওই সময় চট্টহগ্রামে র‍্যাব–৭ এর অধিনায়কের দায়িত্বে থাকা মিফতাহ উদ্দিন আহমেদ রয়েছেন। তখন কক্সবাজারও র‍্যাব–৭ এর অধীনে ছিলো।

একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এক দিন পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে হেফাজতে নিলো সেনাবাহিনী।

২০১৮ সালের ২৬এ মে রাতে কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল। তিনি ১২ বছর উপজেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন।