সাত বছর পর উত্তর কোরিয়ার মাটিতে শি চিনপিং

আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:৩০ এএম

দীর্ঘ সাত বছর পর উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। এমন এক সময়ে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ, নিরাপত্তা উদ্বেগ এবং জোট রাজনীতির হিসাব-নিকাশ দ্রুত গতিতে বদলে যাচ্ছে।

সোমবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছান তিনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার শীর্ষ বৈঠককে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এটিই শি চিনপিংয়ের প্রথম বিদেশ সফর। সফরটি শুধু বেইজিং-পিয়ংইয়ং সম্পর্কের গুরুত্বই তুলে ধরছে না, বরং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে চীনের অবস্থান সম্পর্কে নতুন বার্তাও দিচ্ছে।

সাম্প্রতিক সময়ে চীনের বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পৃথক সফরে স্বাগত জানিয়েছিলেন শি। সেই ধারাবাহিকতায় উত্তর কোরিয়া সফরকে চীনের বিস্তৃত কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।