আবারও বাড়লো ফার্নেস অয়েলের দাম 

আপডেট : ১৮ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

আবারও ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বেড়ে এবার ফার্নেস অয়েলের লিটারপ্রতি দাম দাড়িয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সা। সোমবার রাত ১২টা থেকেই এই দাম কার্যকর করা হবে। এর আগে প্রতি লিটারের দাম ছিলো ৯৪ টাকা ৬৯ পয়সা। 

বিইআরসি জানায়, ১৩ই এপ্রিল থেকে ১২ই মে পর্যন্ত আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর (এফওবি মূল্য) এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তনের বিষয় বিবেচনা করে নতুন এই দাম ঠিক করা হয়েছে।  

সোমবার সংস্থাটির বিশেষ কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সংস্থাটি আরও জানায়, ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ই মার্চ একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্লাটস রেট এবং ডলারের বিনিময় হার বিবেচনায় ফার্নেস অয়েলের দাম সমন্বয় করার সুপারিশ করে।  

এর আগে দাম বাড়ানো হয়েছিল ১২ই এপ্রিল। তখন প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল।