পাকিস্তানে ঈদের চাঁদের তারিখ জানালো মহাকাশ সংস্থা

আপডেট : ১২ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

পাকিস্তানে ঈদুল আজহার চাঁদ দেখা যেতে পারে ১৭ই মে। দেশটির মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন সুপারকো এ তথ্য জানিয়েছে। ওই হিসাবে পাকিস্তানে ঈদ হতে পারে ২৭এ মে।

মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ ১৭ই মে রাত ১টা ১ মিনিটে দেখা যেতে পারে।। ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট। এছাড়া পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে সূর্যাস্ত ও চন্দ্রাস্তের মধ্যে প্রায় ৬০ মিনিটের ব্যবধান থাকবে বলে ধারণা করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে ১৮ই মে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। সুপারকো জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি থাকলেও তা নির্ভর করবে আবহাওয়া ও দিগন্তের কাছে চাঁদের দৃশ্যমানতার ওপর।

তবে চাঁদ দেখা এবং ইসলামী মাস শুরুর চূড়ান্ত ঘোষণা দেবে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি।  সুপারকোর মতে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া সাক্ষ্য এবং পর্যবেক্ষণের ভিত্তিতে ইসলামি মাস শুরুর ঘোষণা দেওয়ার একমাত্র বৈধ কর্তৃপক্ষ রুয়েত-ই-হিলাল।

(তথ্যসূত্র: ডন)