রমজানের বাজার নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

“আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার।”

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “রামাদ্বানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন।”

বড়-ছোট সব শ্রেণির ব্যবসায়ীদের প্রতি সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, “বাজার ব্যবস্থাপনায় ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যবসায়ীদের কাছ থেকে পরামর্শ ও অভিযোগ শুনতে প্রস্তুত বলেও জানান তিনি।

জনগণের ভোটে একটি জবাবদিহিমূলক নতুন সরকার যাত্রা শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, “মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সবার।”

একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ভাষণে তিনি নতুন সরকারের সামনে থাকা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার।”

জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এ খাতে কঠোর অভিযান চালাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কিংবা জোরজবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।”

এছাড়া রমজান মাসে রোজাদারদের ভোগান্তি কমাতে গ্যাস, পানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

অপচয় রোধ ও কৃচ্ছ্রসাধনের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ ও পানি ব্যবহার থেকে বিরত থাকাও ইবাদতের অংশ বলে তিনি মনে করেন।”

সরকারের ভেতর থেকেই কৃচ্ছ্রতার উদাহরণ তৈরির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সংসদীয় দলের প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না।”