হিউস্টন শহর এক সময় কণ্ঠস্বর হয়েছিল মানুষের অসম্ভব যাত্রার।
সেই শহরের মিশন কন্ট্রোল থেকেই পৃথিবী শুনেছিলো মানুষ চাঁদে পৌঁছেছে। সভ্যতা আকাশের সীমা ছাড়িয়ে গেছে। প্রথমবারের মতো পৃথিবীর বাইরে পড়েছে পৃথিবীর সন্তানের পায়ের ছাপ।
বহু বছর পর, সেই হিউস্টন। আরেকটি অসম্ভবের গল্প। এবার চাঁদে মানুষের পদচিহ্ন নয়, বিশ্বকাপে কুরাসাওয়ের।
কোনো যাত্রাকে মহিমান্বিত হতে শুধু মহাকাশের বুক চিরে যাওয়ার প্রয়োজন পড়ে না। কিছু যাত্রা হয় মানচিত্রের প্রান্ত থেকে ইতিহাসের কেন্দ্রের দিকে। নীরবতা থেকে উচ্চারণে; চোখের জল থেকে নীল রঙা ঢেউয়ে।
হিউস্টনের এনআরজি স্টেডিয়াম; বিশ্বকাপের ভাষায় হিউস্টন স্টেডিয়াম—সেদিন শুধু একটি ফুটবল মাঠ ছিল না। হয়ে উঠেছিল ক্যারিবীয় সাগরের বুক থেকে উঠে আসা এক ছোট্ট দ্বীপের দীর্ঘ অপেক্ষা শেষ হওয়ার মঞ্চ।
সামনে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। ফুটবলের সাম্রাজ্য, অভ্যাস, শক্তি, শৃঙ্খলা, ইতিহাস—সব একসঙ্গে।
আর অন্য পাশে…কুরাসাও।
আমরা যারা বাংলাদেশে বসে বিশ্বকাপ দেখি, আমাদের ফুটবল-মানচিত্র সাধারণত কয়েকটি নামেই আটকে থাকে; আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন। পতাকা টাঙিয়ে, জার্সি পরে, রাত জেগে, তর্ক জমে। কিন্তু সেই একই বিশ্বকাপের মঞ্চে যখন কুরাসাও নামে একটি দেশ এসে দাঁড়ায়, তখন অনেকেরই প্রথম প্রতিক্রিয়া হয়, “কুরাসাও আবার কোথায়?”
এই অজানাই আসলে গল্পের সিংহদুয়ার!
ভেনেজুয়েলার উপকূলের কাছে নীল জলে ভাসমান ছোট্ট ভূখণ্ড কুরাসাও। কিংডম অব দ্য নেদারল্যান্ডসের ভেতরে থেকেও নিজের আলাদা সাংবিধানিক পরিচয় নিয়ে দাঁড়ানো এক দেশ। বিশ্বকাপের ইতিহাসে এত ছোট জনপদ, এত ছোট ভূখণ্ড আগে কখনও এমন মঞ্চে দাঁড়ায়নি। কিন্তু সেই রাতে, আবেগে যেন কুরাসাও এক বিশাল মহাদেশ।
তার রাজধানী উইলেমস্টাড—রঙিন ডাচ-ঔপনিবেশিক বাড়ি, সমুদ্রবন্দরের আলো আর ক্যারিবীয় জীবনের মিশেলে এক অদ্ভুত দৃশ্যপট।
তারপর জাতীয় সঙ্গীত শুরু হলো।
ক্যামেরা যখন কুরাসাওয়ের ফুটবলারদের মুখে গিয়ে থামল, তখন ফুটবল আর শুধু ফুটবল থাকল না। হয়ে উঠল ইতিহাসের দরজা। কারও চোখ ভিজে উঠছিল, কারও ঠোঁট কাঁপছিল।
কেউ বুক ফুলিয়ে গান গাইছিল, যেন সেই গান শুধু স্টেডিয়ামের জন্য নয়; উইলেমস্টাডের রঙিন বাড়ির জন্য, পুন্ডা আর ওত্রোবান্ডার সরু রাস্তার জন্য, সমুদ্রতীরে বসে থাকা পরিবারগুলোর জন্য, পাপিয়ামেন্তুর মায়া মেশানো উচ্চারণের জন্য—যে ভাষায় এই দ্বীপ নিজের আত্মাকে সবচেয়ে কাছ থেকে চেনে।
সেই চোখের জলে ছিল না পরাজয়ের পূর্বাভাস। সেই চোখের জল ছিল নীল রঙা ঢেউ।
কুরাসাওকে ফিনিক্স বললে ভুল হবে। ফিনিক্স ছাই থেকে ফিরে আসে। কুরাসাও উঠেছে জল থেকে। সে আগুনের পাখি নয়, সে সমুদ্রের সন্তান। পুড়ে গিয়ে ফিরে আসার গল্প তার নয়, সে পেরিয়ে এসেছে শতাব্দীর ঢেউ—শিরায় নীল জল, ধমনীতে লুকোনো আগুন নিয়ে।
তার ইতিহাসে আছে ডাচ ঔপনিবেশিকতা, দাসত্বের দীর্ঘ ছায়া, মুক্তির সংগ্রাম, নেদারল্যান্ডস অ্যান্টিলিসের ভাঙন, আর ২০১০ সালে নতুন সাংবিধানিক পরিচয়ের জন্ম। সেই ইতিহাসের ভেতরেই গড়ে উঠেছে এক বহুভাষিক সমাজ—ডাচ, স্প্যানিশ, ইংরেজি আর পাপিয়ামেন্তুর মিশ্রণে, যেখানে আফ্রিকা, ইউরোপ, ক্যারিবিয়ান দ্বীপাঞ্চল আর লাতিন আমেরিকা একসঙ্গে কথা বলে।
উইলেমস্টাডের রঙিন বাড়িগুলো তাই শুধু পর্যটকের ছবি নয়, সেগুলো ইতিহাসের দেয়ালচিত্র। পাপিয়ামেন্তু শুধু ভাষা নয়; বিচ্ছিন্ন ইতিহাসকে একসঙ্গে বেঁধে রাখা অন্তরের উচ্চারণ। তাম্বু সেখানে শুধু সঙ্গীত নয়; দাসত্বের ছায়ার ছাপ মেশা শরীরের স্মৃতি, প্রতিবাদের তাল, টিকে থাকার দুর্দমনীয় জেদ।
এই দ্বীপ যেন বহুদিন ধরে পৃথিবীকে বলে এসেছে—আমাদের ওপর দিয়ে সাম্রাজ্য গেছে, জাহাজ গেছে, বাজার গেছে, শেকল গেছে; কিন্তু আমাদের গান যায়নি।
সেই গানই সেদিন হিউস্টনে বাজছিল।
আর সেই গানের পাশে দাঁড়িয়ে ছিলেন ডিক আডভোকাট। বয়স ৭৮। ফুটবলের বহু দেশ, বহু ক্লাব, বহু ড্রেসিংরুম, বহু উত্থান-পতনের সাক্ষী এই বৃদ্ধ কোচও সেদিন নিজেকে সামলাতে পারেননি।
কারণ এই বিশ্বকাপ তার কাছেও কেবল আরেকটি টুর্নামেন্ট ছিল না। ব্যক্তিগত জীবনেও তার ওপর দিয়ে ঝড় গেছে। মেয়ের গুরুতর অসুস্থতার কারণে একসময় দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছিল। অস্থির প্রস্তুতি, চাপ আর অনিশ্চয়তার ভেতর দিয়ে পরে আবার ফিরে এসেছেন তিনি । জাতীয় সঙ্গীতের সময় তার চোখের আর্দ্রতা তাই কেবল আবেগ ছিল না, ছিল স্বীকৃতি। সে মুহূর্তে তিনি শুধু এক দলের কোচ নন, তিনি এক জাতির ইতিহাসে পরিচয় খুঁজে দেওয়া সারথি।
জার্মানির জন্য বিশ্বকাপ চিরচেনা অভ্যাস।
কুরাসাওয়ের জন্য বিশ্বকাপ আগমনী উচ্চারণ, “আমরাও আছি!”
আর সেটাই হয়তো এ বিশ্বকাপের সবচেয়ে বড় কবিতা।
তারপর ম্যাচ শুরু হলো। আর বাস্তবতা নির্মম হয়ে উঠল। জার্মানি একের পর এক গোল করল। স্কোরবোর্ডে সংখ্যা বাড়তে থাকল। কুরাসাওয়ের রক্ষণ ভাঙল, শরীর ক্লান্ত হলো, বিশ্বমঞ্চের গতি তাদের ওপর ঝড়ের মতো নেমে এলো।
শেষে স্কোরলাইন দাঁড়াল, জার্মানি ৭, কুরাসাও ১। হিসাবের কাগজে লেখা থাকবে পরাজয়। কিন্তু ইতিহাস সবসময় কাগজের মতো কঠোর শীতল নয়। কারণ সেই একটি গোল করলেন লিভানো কোমেনেনসিয়া। কুরাসাওয়ের প্রথম বিশ্বকাপ গোল।
স্কোরলাইন পাল্টায়নি, ফল বদলায়নি, জার্মানিকে থামায়নি। কিন্তু ছোট জাতির ইতিহাস কখনও কখনও ফলাফলের জন্য অপেক্ষা করে না।
কোমেনেনসিয়ার সেই গোলের সঙ্গে সঙ্গে কুরাসাওয়ের বুকের ভেতর জমে থাকা সমুদ্র যেন হিউস্টনের ঘাসে এসে আছড়ে পড়ল।
৭-১ স্কোরলাইনের ভেতরে ১ সংখ্যাটা তাই অদ্ভুতভাবে দীপ্ত। বড় দলের কাছে এটি সান্ত্বনার গোল হতে পারে। কিন্তু কুরাসাওয়ের কাছে এটি উত্তরাধিকারের নামে তুলে রাখা দলিল।
বহু বছর পরে কোনো শিশু হয়তো তার পিতাকে জিজ্ঞেস করবে, “আমরা প্রথম বিশ্বকাপে গোল করেছিলাম কবে? ” সেই পিতা হয়তো হাসবেন, একটু থামবেন, তারপর বলবেন, “জার্মানির বিপক্ষে। আমরা অনেক গোল খেয়েছিলাম। কিন্তু সেদিন পৃথিবী প্রথমবার আমাদের গোল দেখেছিল।”
এই তো বিশ্বকাপ। এই তো ফুটবল।
এখানে বড়রা জেতে। কিন্তু ছোটরাও কখনও কখনও না জিতেও অমর হয়ে যায়।
হিউস্টন একদিন মানুষকে চাঁদের গল্প ফিরিয়ে দিয়েছিল। সেই শহরেই কুরাসাও পৃথিবীকে মনে করিয়ে দিলো সব অসম্ভব যাত্রা আকাশের দিকে হয় না। কিছু যাত্রা হয় মানচিত্রের প্রান্ত থেকে স্মৃতির কেন্দ্রে। কিছু যাত্রা হয় অদৃশ্যতা থেকে আলোয়। কিছু যাত্রা হয় চোখের জল থেকে নীল রঙা ঢেউয়ে।
স্কোরলাইন আর্কাইভে চলে যাবে, কিন্তু সেই চোখের জল থাকবে।
থাকবে ডিক আডভোকাটের কাঁপা মুখ, থাকবে কোমেনেনসিয়ার গোল। থাকবে উইলেমস্টাডের রঙিন বাড়ি, পাপিয়ামেন্তুর শব্দ, তাম্বুর দাসত্ব-ছোঁয়া তাল, আর সমুদ্রের ওপার থেকে উঠে আসা এক দ্বীপের সম্মিলিত আগমনী গান।
জার্মানি ফিরল স্কোরলাইন নিয়ে। কুরাসাও ফিরল স্মৃতি নিয়ে।
বিশ্বকাপের ইতিহাসে কখনও কখনও স্মৃতিই সবচেয়ে বড় স্কোরলাইন।