লাল কার্পেট, আলো ঝলমলে মঞ্চ আর বিশ্বজুড়ে কোটি দর্শকের চোখ, সব মিলিয়ে জমে উঠেছিল চলতি বছরের সিলভার স্ক্রিনের ‘বিগেস্ট নাইট’। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে।
রবিবার রাতের এই আয়োজনে চলচ্চিত্র দুনিয়ার তারকা, নির্মাতা ও শিল্পীরা একত্র হয়েছিলেন গত বছরের সেরা কাজগুলোর স্বীকৃতি পেতে।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন কমেডিয়ান কোনান ও'ব্রায়ান। রাত বাড়ার সঙ্গে সঙ্গে একে একে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।
'ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার' বনাম 'সিনার্স'
অস্কারের এই রাতে মূল লড়াই ছিল মূলত দুই চলচ্চিত্রকে ঘিরে, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এবং সিনার্স। শেষ পর্যন্ত বিজয়ের দৌড়ে এগিয়ে থাকে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার । চলচ্চিত্রটি সেরা ছবি, সেরা পরিচালকসহ মোট ছয়টি অস্কার জিতে রাতের সবচেয়ে বড় বিজয়ী হয়ে ওঠে।
এই ছবির পরিচালক পল থমাস অ্যান্ডারসন জিতেছেন সেরা পরিচালকের অস্কার। একই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন। পাশাপাশি অ্যাডাপ্টেড চিত্রনাট্য ও সম্পাদনার মতো গুরুত্বপূর্ণ বিভাগেও পুরস্কার গেছে এই চলচ্চিত্রের ঝুলিতে।
অন্যদিকে সিনার্স-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান।
এই ছবিতে তিনি দুই যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জমজ চরিত্রে অভিনয় করে অস্কার জেতা প্রথম অভিনেতাও তিনি।
পুরস্কার না পেয়েও লিওনার্দো ডিক্যাপ্রিওর রেকর্ড
আলোচনায় ছিল আরেকটি বিষয়ও। হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তবে অস্কার জেতা হয়নি। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ছবিতে অভিনয়ের জন্য এটি ছিল তার সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পাওয়া আরেকটি অধ্যায়।
এই ছবিসহ তার অভিনীত মোট ১২টি চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। পেয়েছেন মাত্র একবার। ২০১৬ সালে দ্য রেভেন্যান্ট সিনেমার জন্য। সেরা অভিনেতার মনোনয়ন পেয়েই করেছেন রেকর্ড। হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরো ছাড়া ১২ বার সেরা অভিনেতার মনোনয়ন পাওয়ার কৃতিত্ব আর কারও নেই।
থমাস অ্যান্ডারসনের স্বীকৃতি
নিজ প্রজন্মের অন্যতম সেরা নির্মাতা পল থমাস অ্যান্ডারসন অবশেষে জিতেছেন অস্কার।
এর আগে অস্কারে মোট ১৪ বার মনোনয়ন পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন। যার মধ্যে পাঁচবার সেরা চিত্রনাট্য এবং তিনবার সেরা পরিচালক বিভাগে।
তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বুগি নাইটস, দেয়ার উইল বি ব্লাড ও ম্যাগনোলিয়া । আধুনিক হলিউডের এগুলো ছিল অন্যতম সেরা চলচ্চিত্র। কিন্তু অস্কার ধরা দিচ্ছিল না তার হাতে।
অবশেষে কাঙ্ক্ষিত সেই রাত এলো। প্রথমে তার চলচ্চিত্র ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদারের জন্য তিনি জেতেন সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লের জন্য অস্কার। এরপরই মঞ্চে আবার ডাক পড়ে সেরা পরিচালকের পুরস্কার নিতে। পুরস্কার হাতে নিয়ে হাসতে হাসতে তিনি বলেন, “এই পুরস্কার পেতে আমাকে বেশ খাটতে হয়েছে!”
কিন্তু এখানেই শেষ নয়। রাতের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার সেরা ছবি। সেটি ঘোষণার পরও আবার মঞ্চে উঠতে হয় তাকে। এক রাতেই পেলেন তিনটি অস্কার।
২০৭ বছর পর ফ্র্যাঙ্কেনস্টাইন
ফ্র্যাঙ্কেনস্টাইন সেরা কস্টিউম ডিজাইন, মেকআপ ও হেয়ারস্টাইলিং এবং প্রোডাকশন ডিজাইনের পুরস্কার জিতে নেয়।
এই ছবিকে ঘিরে একটি মজার তথ্যও আলোচনায় এসেছে। মেরি শেলিরের বিখ্যাত উপন্যাস 'ফ্র্যাঙ্কেনস্টাইন' প্রকাশিত হয়েছিল ১৮১৮ সালে। ২০২৫ সালে সেই গল্প নতুন করে বড় পর্দায় হাজির করেছেন গিয়েরমো ডেল টোরো। অর্থাৎ বই প্রকাশের প্রায় ২০৭ বছর পর।
এর আগেও 'ফ্র্যাঙ্কেনস্টাইন' নিয়ে একাধিক সিনেমা হলেও, এতগুলো অস্কার এবারই প্রথম।
অন্যান্য পুরস্কার
সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন জেসি বাকলি, চলচ্চিত্র হ্যামনেট। আর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমি ম্যাডিগ্যান ওয়েপন্স-এ অভিনয়ের জন্য।
অ্যানিমেশন বিভাগেও ছিল চমক। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম হয়েছে কে-পপ ডিমন হান্টার্স। আর সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার জিতেছে দ্য গার্ল হু ক্রাইড পার্লস । সংগীত বিভাগে সেরা মৌলিক গানের পুরস্কারও পেয়েছে কেপপ ডিমন হান্টার্স-এর 'গোল্ডেন' গানটি।
বড় বাজেটের চলচ্চিত্রের মধ্যেও পুরস্কার গেছে। সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের অস্কার পেয়েছে জনপ্রিয় চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি অ্যাভাটার এর তৃতীয় সিনেমা অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ।
সেরা মৌলিক সংগীতের পুরস্কার গেছে সিনার্স -এর ঝুলিতে। সিনেমাটোগ্রাফির পুরস্কারও জিতেছে তারা। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয়েছে সেন্টিমেন্টাল ভ্যালু।
সব মিলিয়ে এবারের অস্কারে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ও সিনার্স ।
(বিবিসি, এপি নিউজ, দ্য গার্ডিয়ান অবলম্বনে)