রহস্যময় মহাবিশ্ব: ৯০ কোটি গ্যালাক্সির তথ্য পেয়েও ধন্দে বিজ্ঞানীরা

রাতের আকাশের দিকে তাকালে যা আমরা দেখি, তা আসলে মহাবিশ্বের একটা ক্ষুদ্র অংশ। বিজ্ঞানীরা জানেন, দৃশ্যমান নক্ষত্র, গ্রহ ও গ্যালাক্সির বাইরেও এমন কিছু উপাদান আছে, যা মহাবিশ্বের গঠন ও ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেগুলোর প্রকৃত পরিচয় এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি এমনই দুটি রহস্যময় বিষয়। বর্তমান মহাজাগতিক মডেল অনুযায়ী, মহাবিশ্বের মোট উপাদানের প্রায় ৯৫ শতাংশই এই দুটি অদৃশ্য উপাদানের সঙ্গে সম্পর্কিত।

এই রহস্যের উত্তর খুঁজতে এবার বড় সাফল্য পেয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) ইউক্লিড (Euclid) মহাকাশ টেলিস্কোপ। মাত্র ১৩ মাসের পর্যবেক্ষণে এটি ৯০ কোটির বেশি গ্যালাক্সির তথ্য সংগ্রহ করেছে। পাশাপাশি শনাক্ত করেছে ৬ কোটির বেশি কোয়াসার প্রার্থী এবং ১৫ হাজারের বেশি সম্ভাব্য শক্তিশালী মহাকর্ষীয় লেন্স।

২০২৬ সালের ১২ই নভেম্বর প্রকাশিত এই তথ্যভান্ডার মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। এর মাধ্যমে বিজ্ঞানীরা জানতে চান, মহাবিশ্ব কীভাবে গঠিত হয়েছে, অদৃশ্য উপাদানগুলো কোথায় আছে এবং সময়ের সঙ্গে মহাবিশ্বের সম্প্রসারণ কীভাবে পরিবর্তিত হচ্ছে।

একটি টেলিস্কোপ, একটি বিশাল মানচিত্র  

২০২৩ সালের ১লা জুলাইয়ে মহাকাশে পাঠানো হয় ইউক্লিড মহাকাশ টেলিস্কোপ। এর প্রধান লক্ষ্য মহাবিশ্বের একটি বিশাল অংশ পর্যবেক্ষণ করে গ্যালাক্সিগুলোর অবস্থান ও বণ্টনের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা।

ইএসআ-এর (ESA) তথ্য বলছে, মাত্র ১৩ মাসে টেলিস্কোপটি প্রায় ১ হাজার ৯০০ বর্গডিগ্রি আকাশের ছবি ধারণ করেছে। এই পর্যবেক্ষণে ৯০ কোটির বেশি গ্যালাক্সির তথ্য এবং ১৬ কোটির বেশি মহাজাগতিক বস্তুর বর্ণালি-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

তবে এই ৯০ কোটি গ্যালাক্সির সবগুলো নতুন করে আবিষ্কার করা হয়নি। পর্যবেক্ষণে পাওয়া গ্যালাক্সিগুলোর অবস্থান ও বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এই বিশাল তথ্যভান্ডার তৈরি করা হয়েছে।

যেভাবে সংগ্রহ করা হলো ৯০ কোটি গ্যালাক্সির তথ্য

যা দেখা যায় না, তা কেনই-বা খোঁজা হচ্ছে 

বিজ্ঞানীদের হিসাবে, মহাবিশ্বের মাত্র ৫ শতাংশ সাধারণ পদার্থ, যা দিয়ে তারা, গ্রহ ও আমরা তৈরি। বাকি ২৭ শতাংশ ডার্ক ম্যাটার এবং ৬৮ শতাংশ ডার্ক এনার্জি।

ডার্ক ম্যাটার আলো নির্গত বা প্রতিফলিত করে না। ফলে সাধারণ টেলিস্কোপে একে সরাসরি দেখা যায় না। তবে গ্যালাক্সি ও নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এমন মহাকর্ষীয় প্রভাব পেয়েছেন, যা শুধু দৃশ্যমান পদার্থ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না।

তাদের ধারণা, গ্যালাক্সির চারপাশে থাকা অদৃশ্য পদার্থ অতিরিক্ত মহাকর্ষীয় প্রভাব তৈরি করছে। এই পদার্থই ডার্ক ম্যাটার নামে পরিচিত। তবে এর প্রকৃত উপাদান বা কণার পরিচয় এখনো নিশ্চিত না।

অন্যদিকে, ডার্ক এনার্জি মহাবিশ্বের সম্প্রসারণের গতি বাড়ার সঙ্গে সম্পর্কিত। ১৯৯০-এর দশকের শেষ দিকে দূরবর্তী সুপারনোভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখতে পান, মহাবিশ্ব শুধু সম্প্রসারিত হচ্ছে না, সেই সম্প্রসারণের গতিও বাড়ছে। এই অপ্রত্যাশিত ঘটনার ব্যাখ্যা খুঁজতেই ডার্ক এনার্জির ধারণা সামনে আসে।

আলোর বাঁকা পথ: অদৃশ্যকে ধরার কৌশল

যা দেখা যায় না, তা মাপা যাবে কীভাবে? এখানেই আসে মহাকর্ষীয় লেন্সিং।

মহাকাশের দূরের কোনো গ্যালাক্সি থেকে আসা আলো পৃথিবীতে পৌঁছানোর পথে মাঝখানে থাকা বিশাল কোনো গ্যালাক্সি বা গ্যালাক্সিগুচ্ছের মহাকর্ষের কারণে বাঁকতে পারে। এই ঘটনাকে বলা হয় মহাকর্ষীয় লেন্সিং।

আলোর এই পরিবর্তন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মাঝখানের বস্তুর মোট ভর সম্পর্কে ধারণা পান। দৃশ্যমান পদার্থের পরিমাণের সঙ্গে মহাকর্ষীয় প্রভাবের হিসাব না মিললে ডার্ক ম্যাটারের উপস্থিতি ও বণ্টন সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। তবে শনাক্ত হওয়া সব প্রার্থীকে নিশ্চিত মহাকর্ষীয় লেন্স হিসেবে বিবেচনা করার আগে আরও যাচাই করতে হবে।

ইউক্লিডের পর্যবেক্ষণে পাওয়া ১৫ হাজারের বেশি সম্ভাব্য শক্তিশালী মহাকর্ষীয় লেন্স বিজ্ঞানীদের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মহাবিশ্বের প্রাচীন আলো

এই তথ্যভাণ্ডারে রয়েছে ৬ কোটির বেশি কোয়াসার প্রার্থী। কোয়াসার হলো দূরবর্তী গ্যালাক্সির কেন্দ্রে থাকা অতিবৃহৎ কৃষ্ণগহ্বরের চারপাশের অত্যন্ত উজ্জ্বল অঞ্চল। এখান থেকে নির্গত আলো বিশ্লেষণ করে মহাবিশ্বের প্রাচীন অবস্থা ও গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এ ছাড়া গ্যালাক্সি থেকে আসা আলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ রেডশিফট বিশ্লেষণ করে সেগুলোর দূরত্ব নির্ণয় করা সম্ভব। 

কোটি কোটি গ্যালাক্সির অবস্থান ও দূরত্বের তথ্য একত্র করে তৈরি হবে মহাবিশ্বের ত্রিমাত্রিক মানচিত্র। এতে গ্যালাক্সিগুলোর গুচ্ছ, বিশাল ফাঁকা অঞ্চল এবং ডার্ক ম্যাটারের বণ্টন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

পরিকল্পনা অনুযায়ী, ছয় বছর ধরে চলা ইউক্লিড মিশনে আকাশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা পর্যবেক্ষণ করা হবে।

কোয়াসার ও ত্রিমাত্রিক মানচিত্র

রহস্যের সমাধান কি তাহলে হয়ে গেল

না এখনও নয়। ৯০ কোটি গ্যালাক্সির তথ্য বড় অগ্রগতি হলেও তার অর্থ এই না যে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির রহস্যের সমাধান হয়ে গেছে। বরং এই তথ্যভান্ডার বিজ্ঞানীদের সামনে নতুন গবেষণার সুযোগ তৈরি করেছে।

আগামী বছরগুলোতে এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে মহাবিশ্বের গঠন, সম্প্রসারণের ইতিহাস এবং অদৃশ্য উপাদানগুলোর ভূমিকা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। পুরো মিশন শেষ হলে মহাবিশ্বের অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খোঁজার পথে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।